নিপিধো, ডিসেম্বর, ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন সংবিধান রচনা করছে মিয়ানমার জান্তা সরকার। জান্তা প্রণীত গণতন্ত্রের রোডম্যাপের ৭ম ধাপে এই সংবিধান লেখা হচ্ছে। মিয়ানমারের তথ্যমন্ত্রী কায়াও হসান সোমবার একথা বলেছেন। পশ্চিমা দেশগুলো এই রোডম্যাপকে লজ্জ্বাস্কর আখ্যা দিয়েছে।
ইয়াঙ্গুনের ২৪০ মাইল উত্তরে সাবেক বার্মার নতুন রাজধানীতে সাংবাদিকদের কায়াও বলেন, "আমরা সংবিধানের খসড়া লিখতে শুরু করেছি।" মিয়ানমার সেনাবাহিনী নিযুক্ত ৫৪ সদস্যের প্যানেল এই সংবিধান রচনার কাজ কখন শেষ করবে তা তিনি জানাননি।
জাতীয় কনভেনশন ডেকে সংবিধানের মূলনীতিমালার বিস্তারিত বিবরণ তৈরিতে মিয়ানমার জান্তার ১৪ বছরেরও বেশি সময় লেগেছে। এই মূলনীতি হচ্ছে ৪ দশকের সেনাশাসিত মিয়ানমারে বেসামরিক শাসনের ভিত তৈরি করা।
এরই মধ্যে মিয়ানমারে ঘটে গেছে অনেক আপত্তিকর ঘটনা। ২০ বছরের মধ্যে বৌদ্ধ ভিক্ষুদের সর্ববৃহৎ সরকার বিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমন করেছে জান্তা সরকার। নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আন্তর্জাতিক অঙ্গনে এই দমনাভিযানের তীব্র সমালোচনাও হয়েছে। সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সংস্কারের জন্য জান্তা সরকারের ওপর চাপ বেড়েছে। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্রদেশ চীনও একই দাবিতে সরব হয়েছে।
কিন্তু এতকিছুর পরও মিয়ানমার জান্তা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের গণতান্ত্রিক রোডম্যাপের কর্মকাঠামোর বাইরে কোনোকিছু করবে না। পশ্চিমা দেশগুলো বলছে, এর মধ্য দিয়ে মিয়ানমারে কেবল সেনাবাহিনীর ক্ষমতাই আরও সৃদৃঢ় হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫০ঘ.
bdnews24