বালি, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বালিতে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বেধনী দিনেই বিশ্বের শীর্ষ গ্রিনহাউস নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র আবারও কিয়োটো চুক্তি প্রত্যাখ্যান করেছে। তবে অস্ট্রেলিয়ার কিয়োটো প্রটোকল অনুমোদনের পর এ চুক্তি প্রত্যাখ্যানকারী একমাত্র শিল্পোন্নত দেশ যুক্তরাষ্ট্র বলেছে, ২০০৯ সালের মধ্যে নতুন জলবায়ু চুক্তি করার বালি রোডম্যাপ নিয়ে কাজ করতে আগ্রহী তারা।
বালিতে মার্কিন প্রতিনিধি দলের প্রধান হারলান ওয়াটসন সোমবার সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বলেন, " আমরা কোনো বাধা সৃষ্টি করতে এখানে আসিনি।"
২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন একটি বিশ্বচুক্তি করার বালি রোডম্যাপ সমর্থন করে মার্কিন প্রতিনিধি বলেন," যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে থাকতে চায় না এবং বালি রোডম্যাপ নিয়ে গঠনমূলক কাজ করতে চায়।"
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার কিয়োটো চুক্তি অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা অন্য দেশগুলোর গৃহীত সিদ্ধান্তকে সম্মান করি এবং অবশ্যই আশা করব যে অন্যরাও আমাদের সিদ্ধান্তকে সম্মান করবে।"
বর্তমান অবস্থায় কিয়োটো প্রটোকল স্বাক্ষরের বিষয়টি নাকচ করে দিয়ে এর স্থলে একটি দীর্ঘমেয়াদী জলবায়ু চুক্তির বিষয়ে ওয়াশিংটনের আগ্রহের কথাও জানান মার্কিন প্রতিনিধি।
২০০১ সালে ক্ষমতায় আসার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়োটো চুক্তি নাকচ করে দেন। বুশ বলেন, এটা মার্কিন অর্থনীতির ক্ষতি করবে, বিশেষত কর্মসংস্থানের ক্ষেত্রে অত্যন্ত বিরূপ প্রভাব ফেলবে। এছাড়া ২০১২ সালের মধ্যে নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারনের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বকে অন্যায্য সুবিধা দেওয়ারও অভিযোগ করে আসছেন বুশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৫৮ ঘ.
bdnews24