২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন শুরু, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্ররাই

২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়ার বালি পর্যটনদ্বীপে ১৯০টি দেশের অংশগ্রহণে জাতিসংঘ জলবায়ু পরিতর্বন সম্মেলন শুরু হয়েছে সোমবার সকালে। সম্মেলনের শুরুতেই আয়োজক ও জলবায়ু বিজ্ঞানীরা বলেছেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরার মতো পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

বালি, ইন্দোনেশিয়া, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৯ সালের মধ্যে একটি নতুন বিশ্ব জলবায়ু চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নিয়ে ইন্দোনেশিয়ার বালি পর্যটনদ্বীপে ১৯০টি দেশের অংশগ্রহণে জাতিসংঘ জলবায়ু পরিতর্বন সম্মেলন শুরু হয়েছে সোমবার সকালে। সম্মেলনের শুরুতেই আয়োজক ও জলবায়ু বিজ্ঞানীরা বলেছেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস, খরার মতো পরিবেশ বিপর্যয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দরিদ্র দেশগুলো। উদ্বোধনী অধিবেশনে ইন্দোনেশিয়ার পরিবেশমন্ত্রী রাচমাত বিতোয়েলার বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বলেন, "বিশ্ব নিবিড়ভাবে এ সম্মেলন পর্যবেক্ষণ করছে।" বিতোয়েলার বলেন, " জলবায়ু পরিবর্তনের সংকট একদিকে ক্রমশ বাড়ছে অন্যদিকে এ নিয়ে সবাই এখনও সমানভাবে সোচ্চার নয়।" তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে দরিদ্র দেশগুলোর সবচেয়ে ভয়াবহ পরিণতির শিকার হওয়ার বিষয়টি ক্রমশ অত্যন্ত স্পষ্ট হয়ে উঠছে।" জাতিসংঘ জলবায়ু সচিবালয়ের প্রধান ইভো ডি বোয়ের উদ্বোধনী অধিবেশনে বলেছেন, ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নির্গমন কমানোর অঙ্গীকার করেছে যাতে করে দরিদ্র দেশগুলোও তাদের ক্রমবর্ধমান নির্গমন কমানোর বিষয়ে কাজ শুরু করে। যদিও দারিদ্র্য দূরীকরণের প্রশ্নে এসব অনুন্নত দেশগুলোকে আরও বহুদিন এ জ্বালানি পোড়াতে হবে। উন্নত ও উন্নয়নশীল বিশ্বের মধ্যে দূষণমুক্ত জ্বালানি প্রযুক্তি ভাগাভাগির আহ্বান জানিয়ে ইভো ডি বোয়ের বলেন, " উত্তরের (উত্তর গোলার্ধের) দৃঢ় পদক্ষেপ দক্ষিণে (দক্ষিণ গোলার্ধে) দূষণমুক্ত প্রবৃদ্ধি বেগবান করতে পারে।" বালি সম্মেলনেই এ বিষয়ক আলোচনা শুরুর সমঝোতায় পৌঁছানোর জন্যও সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আবেদন জানান তিনি। ২০০৮-১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ১৯৯০ সালের মাত্রার চেয়েও কমপক্ষে ৫ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে ওই প্রটোকল স্বাক্ষরিত হয়। মোট ১৭৪টি দেশ এ প্রটোকল স্বাক্ষর করেছে। কিন্তু এসব দেশের বেশিরভাগই উন্নয়নশীল এবং অনুন্নত গরিব দেশ, যাদের নির্গমনের হার এমনিতেই কম। কিন্তু বিপজ্জনক মাত্রায় গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী শিল্পোন্নত দেশগুলোর মাত্র ৩৬ টি এখন পর্যন্ত এ প্রটোকল মেনে চলার অঙ্গীকার করেছে। বিশ্বে ধনী-দরিদ্র ধূসর ব্যবধানের বিষয়টি জলবায়ু ইস্যুতে আবারও সমানে চলে এসেছে। ধনী ও উন্নত দেশগুলো এখনও কিয়োটো চুক্তিতে স্বাক্ষর না করায় জলবায়ু পরিবর্তন মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ও চীনের মতো শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশগুলোকে জাতিসংঘ চুক্তির অন্তর্ভুক্ত করা এবং কিয়োটো প্রটোকলের মেয়াদ ফুরোবার আগেই নতুন চুক্তির লক্ষ্যে সমাঝোতায় পৌঁছানো এ সম্মেলনের বড় চ্যালেঞ্জ। ওদিকে বালি সম্মেলনের শুরুর দিনেই অস্ট্রেলিয়ার নতুন সরকারের কিয়োটো প্রটোকল অনুমোদন করেছে। বিষয়টিকে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়ার এ চুক্তি অনুমোদনের পর কিয়োটো প্রটোকল অনুমোদন করেনি এমন একমাত্র উন্নত দেশ হিসেবে বাকী থাকলো কেবল যুক্তরাষ্ট্র। বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র বলছে, কিয়োটো প্রটোকলের ২০১২ সালের লক্ষ্যমাত্রায় উন্নয়নশীল দেশগুলোকে অন্যায্য সুবিধা দিয়ে নির্গমন কমানোর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হার বেঁধে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বুশ বলছেন, এ প্রটোকল স্বাক্ষর করলে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে, দ্বিতীয় শীর্ষ নির্গমনকারী চীনের দাবি, বিশ্বের বর্তমান বিপর্যয়ের জন্য যেহেতু শিল্পোন্নত বিশ্বই দায়ী, তাই গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ক্ষেত্রেও তাদেরই নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোকেই বেশি হারে গ্যাস নির্গমন কমাতে হবে। চীন আরও বলছে, শিল্পায়নের ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার মতো পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত তারাও নির্গমন কমানোর ক্ষেত্রে খুব বেশি ছাড় দিতে পারবে না। গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য সবচেয়ে বেশি দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। শিল্পোন্নত এবং উন্নয়নশীল বিশ্বে বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার এবং শিল্প ও কৃষি খাতের নানা মানবিক তৎপরতায় ব্যাপক হারে গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলেই অত্যন্ত দ্রুত হারে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে । 'গ্লোবাল ওয়ার্মিং' বা বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধির কারণে ভূ-পৃষ্ঠের বরফ গলে আশঙ্কাজনকহারে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, বিশ্বে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে বন্যা, খরা, ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে এবং বিশ্বব্যাপী উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়াসহ মারাত্মক হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩৮ ঘ.