২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আজীবন প্রেসিডেন্ট' প্রার্থিতার নির্বাচনে হার স্বীকার শ্যাভেজের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের বিপক্ষে রায় দিয়েছেন দেশটির ভোটাররা। রোববার অনুষ্ঠিত ওই গণভোটে সংস্কারের পক্ষে রায় পেলে শ্যাভেজ ভেনেজুয়েলার সংবিধান পরিবর্তন করে আজীবন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ পেতেন। সোমবার সকালে নির্বাচনী কর্মকর্তারা ফলাফল ঘোষণা করে বলেন, ৫১ শতাংশ "না" ভোট পড়েছে এবং প্রেসিডেন্ট শ্যাভেজের প্রস্তাবিত সংস্কারের পক্ষে "হ্যাঁ" ভোট দিয়েছেন ৪৯ শতাংশ ভোটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 07:12 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

কারাকাস, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের বিপক্ষে রায় দিয়েছেন দেশটির ভোটাররা। রোববার অনুষ্ঠিত ওই গণভোটে সংস্কারের পক্ষে রায় পেলে শ্যাভেজ ভেনেজুয়েলার সংবিধান পরিবর্তন করে আজীবন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার সুযোগ পেতেন। সোমবার সকালে নির্বাচনী কর্মকর্তারা ফলাফল ঘোষণা করে বলেন, ৫১ শতাংশ "না" ভোট পড়েছে এবং প্রেসিডেন্ট শ্যাভেজের প্রস্তাবিত সংস্কারের পক্ষে "হ্যাঁ" ভোট দিয়েছেন ৪৯ শতাংশ ভোটার। নির্বাচন কমিশনের এ ঘোষণার পরপরই শ্যাভেজ পরাজয় স্বীকার করে নেন। ক্ষমতাবান এবং জনপ্রিয় হওয়া সত্ত্বেও পুঁজিবাদ ও যুক্তরাষ্ট্রবিরোধী এ নেতার জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা হিসাবে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৯৮ সালের এক নির্বাচনের মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষমতায় আসা শ্যাভেজ এর আগের সব নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন। তবে রোববারের গণভোটের প্রাক্কালে বিরোধীদলগুলোসহ তার বিপক্ষে অবস্থান নেয় ছাত্র, মানবাধিকার ও ব্যবসায়ি সংগঠনগুলো, সাবেক রাজনৈতিক মিত্ররা এবং এমনকি তার সাবেক স্ত্রীও। তাদের অভিযোগ ছিল, একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কারের চেষ্টা চালাচ্ছেন শ্যাভেজ। শ্যাভেজ রোববারের গণভোটের আগে সতর্ক করে বলেন, এ গণভোটে পরাজয় তার সমাজতান্ত্রিক বিপ্লবের গতিকে মন্থর করে দেবে এবং তাকে একজন উত্তরসূরীর বিষয়ে চিন্তা-ভাবনা করতে হবে। প্রসঙ্গত, কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোকে 'বাবা', পুঁজিবাদকে 'শয়তান' এবং নিজেকে সমাজতান্ত্রিক বিপ্লবের একজন 'কমান্ডার' হিসাবে মনে করেন শ্যাভেজ। রোববারের গণভোটে পরাজিত হলেও প্রেসিডেন্ট শ্যাভেজ এখনও অনেক ক্ষমতাবান এবং জনপ্রিয়। ভেনেজুয়েলার কংগ্রেস, আদালত এবং নির্বাচন কমিশন সবত্রই প্রাধান্য রয়েছে তার সমর্থকদের। এছাড়া সংবিধান পরিবর্তন না করেও আগামী ২০১৩ সাল পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতায় থাকতে পারবেন তিনি। বিডিনিজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০২ ঘ.