২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ আফ্রিকায় আগাম নির্বাচন দিতে পারেন এমবেকি

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি বলেছেন, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)র নেতৃত্বের লড়াইয়ে হেরে গেলে তিনি আগাম পার্লামেন্ট নির্বাচন দিতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

জোহান্সবার্গ, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি বলেছেন, ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)র নেতৃত্বের লড়াইয়ে হেরে গেলে তিনি আগাম পার্লামেন্ট নির্বাচন দিতে পারেন। এএনসি'র ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার আশঙ্কা আছে এমবেকির। কারণ, জুমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার সৃদৃঢ় ভিত্তি তার নেই। ১৬-২০ ডিসেম্বরে দলীয় সম্মেলনে নতুন নেতা নির্বাচন করবে এএনসি। আর এই নির্বাচনে জুমা জয়ী হলে নিশ্চিতভাবে তিনিই হবেন ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার পরবর্তী প্রেসিডেন্ট। এ পরিস্থিতি দেখা দিলে এমবেকি আগাম নির্বাচন দিতে পারেন কিনা --- এ প্রশ্নের জবাবে 'সানডে ইনডিপেনডেন্ট' পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এমবেকি বলেন, তিনি এখনও আগাম নির্বাচনের কথা ভাবেননি। সেই পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। তবে তিনি বলেন, " আমি জানি না। এটি হতেও পারে। হ্যাঁ, প্রকৃতপক্ষেই তা হওয়া সম্ভব।" এমবেকি এও বলেন, "এটি এমন একটি ব্যাপার যার সিদ্ধান্ত নিতে এএনসিতে আলাপ-আলোচনার প্রয়োজন পড়বে। এটি ব্যক্তিগত কোনো ব্যাপার নয়। এএনসি সরকার পরিচালনায় রয়েছে। সুতরাং, এএনসিই এ ব্যাপারটি বিবেচনা করবে বলে আমি মনে করি।" দক্ষিণ আফ্রিকায় প্রেসিডেন্ট নির্বাচন করে পার্লামেন্ট। বিশ্লেষকরা বলছেন, এএনসি নেতা নির্বাচনে জুমা জয়ী হলে তার সমর্থকরাই সরকারের নীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা নেবে। এতে করে আগাম নির্বাচনের ক্ষেত্রে এমবেকির অবস্থান দূর্বল হয়ে পড়বে। তিনি পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখিও হতে পারেন। তবে এমন আশঙ্কা নাকচ করে এমবেকি বলেছেন, জুমা জিতলেও তিনি দুর্বল হবেন না। এএনসি'র নীতি অপরিবর্তিতই থাকবে। তিনি বলেন, "দলীয় নেতা নির্বাচনে যারই জয় হোক তাকেই এএনসির নীতি বাস্তবায়ন করতে হবে।" বিশ্লেষকরা বলছেন, এমবেকির পুনরায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে দাঁড়ানোর বিধান নেই। সেকারণে এমবেকি এএনসির প্রধান হয়ে থাকতে চাইছেন। এতে করে তিনি দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করাসহ উত্তরসূরী নির্বাচনে সহায়ক ভূমিকা রাখতে পারবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪০ঘ.