২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিরোধ নিরসনে নিষেধাজ্ঞা কাজে আসবে না: ইরান

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে যে বিরোধ চলছে তা নিরসনে নতুন নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে ছয় বিশ্বশক্তির আলোচনার একদিন পর রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

তেহরান, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে যে বিরোধ চলছে তা নিরসনে নতুন নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে ছয় বিশ্বশক্তির আলোচনার একদিন পর রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। তেহরানকে তাদের স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বন্ধে রাজি করানোর লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা শুক্রবার ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে তার সর্বশেষ বৈঠকের ব্যাপারে হতাশা ব্যক্ত করার পর শনিবার প্যারিসে ছয় বিশ্বশক্তি (যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন. ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি) এ আলোচনায় মিলিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি রোববার এক নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, "ওই দেশগুলো ইরানকে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইলে প্রস্তাবনা এবং অবরোধ কোনো কাজে আসবে না।" প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জার্মানি গত সেপ্টেম্বর মাসে এ ব্যাপারে একমত হয় যে নভেম্বরের আগ পর্যন্ত তারা ইরানের ওপর অবরোধ আরোপ করা থেকে বিরত থাকবে। এ সময়ের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতাকারী সোলানা এবং জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ)। নভেম্বর মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দেওয়া প্রতিবেদনে ইরান সহযোগিতা করছে বলা হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করতে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘ ইতোমধ্যে দুই দফা অবরোধ আরোপ করেছে। ইরান তাদের পরমাণু কর্মসূচির অংশ হিসাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে আসছে। সমৃদ্ধ ইউরেনিয়াম সামরিক এবং বেসামরিক উভয় কাজে ব্যবহার করা যায় বলেই মূলত পশ্চিমারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। পশ্চিমাদের অভিযোগ এ কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে ইরান। অন্যদিকে, ইরান সে অভিযোগ প্রত্যাখান করে বলে আসছে, তাদের কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত। এছাড়া, পরমাণু কর্মসূচিকে ইরান জাতীয় অধিকার হিসাবে উল্লেখ করে বলে আসছে, এ কর্মসূচি আন্তর্জাতিক আইন-কনুন মেনেই পরিচালিত হচ্ছে। সংবাদ সম্মেলনে হোসেইনি জানান, শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি সোমবার মস্কো সফরে যাবেন। তিনি বলেন, দুই দেশের কৌশলগত বিষয় নিয়ে রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জলিলি আলোচনা করবেন। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৩৭ ঘ.