২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক অভিযানে বহু গেরিলাকে হত্যার দাবি তুরস্কের

ইরাকের অভ্যন্তরে ঢুকে পড়ে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে শনিবার জোরাল অভিযান চালিয়েছে তুরস্ক। হেলিকপ্টার, কামান ও স্পেশাল ফোর্সের সেনাদের অংশগ্রহণে চালানো এ অভিযানে বহু সংখ্যক পিকেকে গেরিলা হতাহত হয়েছে বলে দাবি জানিয়েছে তুরস্ক। তবে এ ধরনের অভিযানের কথা অস্বীকার করেছে পিকেকে এবং এ সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছে মার্কিন র্র্কতৃপক্ষ। >> বিদ্রোহীদের উৎখাতে ইরাকে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

আঙ্কারা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের অভ্যন্তরে ঢুকে পড়ে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের বিরুদ্ধে শনিবার জোরাল অভিযান চালিয়েছে তুরস্ক। হেলিকপ্টার, কামান ও স্পেশাল ফোর্সের সেনাদের অংশগ্রহণে চালানো এ অভিযানে বহু সংখ্যক পিকেকে গেরিলা হতাহত হয়েছে বলে দাবি জানিয়েছে তুরস্ক। তবে এ ধরনের অভিযানের কথা অস্বীকার করেছে পিকেকে এবং এ সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছে মার্কিন র্র্কতৃপক্ষ। তুর্কি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, পিকেকে গেরিলাদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য স্পেশাল ফোর্সেস এর প্রায় একশ' সেনা ইরাক সীমান্তের ভেতরে প্রবেশ করে। আগের দিন শুক্রবার তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান এক ঘোষণায় বলেন, মন্ত্রিপরিষদ উত্তর ইরাকের পিকেকে গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালানোর সবুজ সঙ্কেত দিয়েছে। ওই সেনা কর্মকর্তা বলেন, ইরাকের ২০ কিলোমিটার ভেতরে পিকেকের একটি শিবিরে ৫০ থেকে ৬০ জন গেরিলার একটি দলকে সনাক্ত করার পর সেনাবাহিনী দূর-পাল্লার কামানের গোলা নিক্ষেপ করে এবং ছয়টি হেলিকপ্টারকে বোমা বর্ষণের জন্য পাঠায়। তুর্কি সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "দলটির ওপর একটি জোরাল অভিযান চালানো হয়েছে এবং সন্ত্রাসী সংগঠনটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।" এদিকে, উত্তর ইরাকের সুলাইমানিয়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক পিকেকের এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, এখানে কোনো হামলা হয়নি এবং সংগঠনটিরও কোনো ক্ষতি হয়নি। প্রসঙ্গত, উত্তর ইরাকে প্রায় তিন হাজার পিকেকে গেরিলা সক্রিয় রয়েছে। পিকেকের ওই নেতা বলেন, "তুর্কি অভিযান এবং বোমা বর্ষণের খবর সত্য নয়। উত্তর ইরাকে তুরস্কের কোনো হামলা ও বোমা বর্ষণ হয়নি।" তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, অভিযান শেষে স্পেশাল ফোর্সেস এর সেনারা ফিরে এসেছে। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তুর্কি সেনাবাহিনী জানায়, " ২০০৭ সালের ১ ডিসেম্বর প্রথম অভিযান চালানো হল এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চলতে থাকবে।" এর আগে শনিবারই ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানির এক মুখপাত্র বলেন, উত্তর ইরাকের আধা-সায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুর্কি সেনারা কোনো অভিযান চালায়নি। এছাড়া, ইরাকে মার্কিন সেনাবাহিনী জানায়, কোনো ধরনের হামলা হয়েছে কিনা সে সম্পর্কে তারা কিছু জানে না। গত ১৭ অক্টোবর তুরস্কের পার্লামেন্ট সরকারকে সীমান্ত পেরিয়ে ইরাকে অভিযানের অনুমতি দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৫ ঘ.