২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহীদের উৎখাতে ইরাকে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

কুর্দি বিদ্রোহীদের উৎখাত করতে শনিবার উত্তর ইরাকে ঢুকে পড়েছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। তবে ইরাকে মার্কিন বাহিনী ও ইরাকি কুর্দি নেতার এক মুখপাত্র জানিয়েছেন, তুর্কি বাহিনীর অভিযানের বিষয়ে তারা কিছু জানে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

আঙ্কারা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কুর্দি বিদ্রোহীদের উৎখাত করতে শনিবার উত্তর ইরাকে ঢুকে পড়েছে তুরস্কের সেনাবাহিনী। তুর্কি সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে একথা জানিয়েছে। তবে ইরাকে মার্কিন বাহিনী ও ইরাকি কুর্দি নেতার এক মুখপাত্র জানিয়েছেন, তুর্কি বাহিনীর অভিযানের বিষয়ে তারা কিছু জানে না। গত শুক্রবার সরকারের অনুমতি পাওয়ার একদিন পর ইরাক অভিযান শুরু করল তুর্কি বাহিনী। তবে এটা ন্যাটো সদস্য তুরস্কের সেনাবাহিনীর বড় ধরণের অভিযান কিনা তা নিশ্চিত করা যায়নি। তুরস্কের সেনাবাহিনী তাদের ওয়েবসাইটে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা উত্তর ইরাকে ৫০ থেকে ৬০ কুর্দি বিদ্রোহীর ওপর হামলা চালিয়েছে। এতে বিদ্রোহীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, প্রয়োজন হলে অভিযান আরও জোরদার করা হবে। এতে আরও বলা হয়, কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিদ্রোহীদের ওপর আক্রমন করার জন্য স্পেশাল ফোর্সের একশ' সদস্যকে উত্তর ইরাকে পাঠানো হয়েছে। তাদের সহায়তা করছে ছয়টি সামরিক হেলিকপ্টার। তবে বাগদাদে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকে তুর্কি বাহিনীর অভিযান সম্পর্কে তারা কিছু জানে না। মুখপাত্র মেজর উইনফিল্ড ডেনিয়েলসন রয়টার্সকে বলেন, "ইরাক সীমান্তে তুর্কি বাহিনীর অভিযানের ব্যাপারে কোনো সংবাদ আমরা এখনও পাইনি।" এছাড়া কুর্দিস্তান পেশমার্গা নিরাপত্তা বাহিনীর মুখপাত্র জাবের আওয়ার বলেন, "সীমান্তের কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং তারা নিশ্চিত করেছে, তুর্কি বাহিনী সীমান্তে কোনো অভিযান শুরু করেনি। এর আগে ইরাকি কুর্দি নেতা মাসুদ বারজানির এক মুখপাত্রও জানান, তুর্কি বাহিনী উত্তর ইরাকে অভিযান শুরু করেনি। তবে এনটিভি নিউজ চ্যানেল জানিয়েছে, উত্তর ইরাকে কুর্দি গেরিলাদের ওপর হামলায় তুর্কি বাহিনী হেলিকপ্টার ব্যবহার করেছে। তুরস্কের প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান গত শনিবার জানান, ইরাকে অভিযান চালানোর জন্য তার সরকার সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে। তুরস্ক অভিযোগ করে আসছে, প্রায় তিনশ' কুর্দি বিদ্রোহী উত্তর ইরাকে ঘাঁটি গেড়ে আছে। তারা সেখান থেকে বিভিন্ন তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। বিদ্রেহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দীর্ঘদিন ধরে দেশের মধ্যে চাপের মুখে আছে তুরস্কের সরকার। গত ১৭ অক্টোবর তুরস্কের পার্লামেন্ট সরকারকে সীমান্ত পেরিয়ে ইরাকে অভিযানের অনুমতি দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২০ ঘ.