২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির পাকিস্তানের সঙ্গে বেঈমানি করছেন: ইমরান খান

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচন বয়কট না করে পাকিস্তানের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা করছেন' বলে অভিযোগ তুললেন ক্রিকেট তারকা ও রাজনীতিক ইমরান খান। ইমরানের ভাষ্য, বেনজির নির্বাচন না করলে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতাচ্যুত করার পথ সুগম হতো। শনিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইমরান খান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

লাহোর, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচন বয়কট না করে পাকিস্তানের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা করছেন' বলে অভিযোগ তুললেন ক্রিকেট তারকা ও রাজনীতিক ইমরান খান। ইমরানের ভাষ্য, বেনজির নির্বাচন না করলে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতাচ্যুত করার পথ সুগম হতো। শনিবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইমরান খান । প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশেরও সমালোচনা করেন ইমরান। জরুরি অবস্থা জারির পর সুপ্রিম কোর্টের বিচারকদের সরিয়ে মুশাররফের অনুগতদের দিয়ে বেঞ্চ পূরণের ঘটনায় প্রতিবাদ জানাতে শনিবার লাহোরে বিক্ষোভরত একদল আইনজীবীর উদ্দেশ্যে ভাষণ দেন তেহরিক-ই-ইনসাফ দলের নেতা ইমরান খান। ভাষণের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা পুরোপুরি বেঈমানি।" ইমরান খান বলেন, "প্রত্যেক দিনই তিনি (বেনজির) বলছেন, নির্বাচন-পূর্ব জালিয়াতি হচ্ছে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি বলছেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বাস করেন না। তিনি বলছেন, জরুরি অবস্থা জারি অবৈধ। আর এতো কিছুর পরও তিনি এ নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এ পুরো প্রক্রিয়াটির বৈধতা দিতে চলেছেন।" আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন বেনজির। শুক্রবার তিনি তার নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন। ইশতেহারে তিনি দরিদ্রদের কর্মসংস্থান, গৃহায়ণ এবং জনস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেছেন। অবশ্য তিনি বলছেন, মুশাররফের জরুরি অবস্থার প্রতিবাদ হিসাবে জানুয়ারির সাধারণ নির্বাচন বয়কটে বিরোধী দলগুলোর সঙ্গে একটি জোটে তার যোগ দেওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। তবে বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই প্রচারণা শুরু এবং নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন বেনজির। মুশাররফ বিরোধীরা বলছেন, একযোগে বয়কটের মাধ্যমে তারা নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট করতে সক্ষম। তবে পারস্পরিক বিশ্বাসহীনতার কারণে এ ইস্যুতে তারা একমত হতে পারছেন না। বিরোধীদের কিছু অংশ মনে করছেন, পার্লামেন্ট নির্বাচনে মুশাররফের মিত্রদের পরাজিত করার মাধ্যমে তারা প্রেসিডেন্ট মুশাররফের ওপর আরও চাপ প্রয়োগ করতে সক্ষম হবেন। ইমরান খানের নিজের দল ছোট হলেও তিনি আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ বিরোধী নেতাদের একটি জোটের সঙ্গে একযোগে নির্বাচন বয়কটের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া, বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের দল আসন্ন নির্বাচনের জন্য রেজিস্ট্রেশন করলেও ইমরান খানের দল তা করে নি। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, "আমরা চাই পুরো (নির্বাচনী) প্রক্রিয়া গ্রহণযোগ্যতা হারাক। অংশ নেওয়ার অর্থ হচ্ছে তাকে রক্ষা করার জন্য তার পিচে খেলা। আমরা শুধু শুধুই তাকে একটা সুযোগ দিচ্ছি।" ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খান বলেন, নির্বাচন বয়কটের ফলে মুশাররফ একা হয়ে পড়বেন এবং একটা সময়ে ক্ষমতা হারানোর প্রান্তে চলে আসবেন। তিনি বলেন, "সব বিরোধীদল আজ একত্রিত হলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। অতপর তাকে চলে যেতে হবে। কারণ, তিনি এখন আর সেনাপ্রধান নন। তার ক্ষমতা শেষ। সুতরাং তখন আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পাব এবং ভবিষ্যতের জন্য আশা করতে পারব।" ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর মুশাররফ যে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে আটক করেন তার মধ্যে ইমরান খানও ছিলেন। প্রাথমিকভাবে তাকে গৃহবন্দি করা হলেও সেখান থেকে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে লাহোর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র বিক্ষোভ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য, পরে তাকে ছেড়ে দেয় মুশাররফ সরকার। এদিকে, ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সমালোচনা করে বলেন, মুশাররফকে সমর্থন দেওয়ার মাধ্যমে বুশ পাকিস্তানের সমস্যাকে আরও জটিল করে তুলছেন। ইমরান বলেন, পাকিস্তানে স্বাধীন বিচার ব্যবস্থা চায় না জর্জ বুশের প্রশাসন। কারণ, এর ফলে তারা তাদের সন্ত্রাসবিরোধী যুদ্ধে একটি পুতুল সরকারের মতো পাকিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি বলেন, "এ আন্দোলন একটা পর্যায়ে ইরানি বিপ্লবের মতো মার্কিনবিরোধী আন্দোলনে পরিণত হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪৫ ঘ.