আঙ্কারা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/রয়টার্স)---- উত্তর ইরাকে ঘাঁটি গাড়া কুর্দি বিদ্রোহিদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সামরিক অভিযান চালানোর সবুজ সংকেত দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শুক্রবার একথা বলেছেন। ইরাকে বড় ধরনের সেনা অভিযান চালানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইরাকের বিরোধিতা সত্ত্বেও তুরস্ক বরাবরই নিষিদ্ধ ঘোষিত পিকেকে বিদ্রোহিদের নির্মূল করার অঙ্গীকার করে আসছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহিরা ইরাকের দক্ষিণাঞ্চলে ঘাঁটি গেড়ে তুরস্কে হামলা চালিয়ে আসছে। একারণেই এদের নির্মূল করতে বদ্ধপরিকর তুরস্ক।
টেলিভিশনে এক মন্তব্যে এরদোয়ান বলেছেন, "২৮ নভেম্বরে কেবিনেটের বৈঠকে আমরা শসস্ত্রবাহিনীকে ইরাকে সেনা অভিযান চালানোর সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্টও এই সিদ্ধান্ত সমর্থন করেছেন।"
এরদোয়ানের এই বক্তব্য ইরাকে আসন্ন পুরোদস্তুর সামরিক হামলার ইঙ্গিত কিনা তা তাৎক্ষণিকভাবে পরিস্কার হওয়া যায়নি। তুরস্ক ইতোমধ্যেই ইরাক সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করা ছাড়াও সেনা যান, ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভিযানে নামার জন্য প্রস্তুত হয়ে আছে।
এর আগে তুরস্কের পার্লামেন্ট ১৭ অক্টোবরে সরকারকে ইরাকে হামলা চালানোর আইনগত বৈধতা দিয়েছে। তুরস্কে পিকেকে বিদ্রোহিদের বেশ কয়েকদফা হামলার কারণে দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টে ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।
কিন্তু ইরাকে তড়িঘড়ি কোনো হামলা না চালাতে যুক্তরাষ্ট্র এবং ইরাকের অনুরোধের কারণে তুরস্ক এখনও বড় ধরনের কোনো অভিযানে নামেনি। তবে পিকেকে বিদ্রোহি দমনে সাহায্য সহযোগিতার জন্য এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলোচনা করেছেন।
ওদিকে, হামলার সম্ভাবনা এড়াতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় কুর্দি কর্তৃপক্ষও ৩ হাজার পিকেকে বিদ্রোহিকে আলাদা করে চিহ্নিত করার পদক্ষেপ নিয়েছে।
কিন্তু তুরস্কের সরকারি মন্ত্রীরা এ সপ্তাহে আবার সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরাকি বাহিনীর কাছ থেকে পিকেকে বিদ্রোহিদের মোকাবিলায় আরও বাস্তব পদক্ষেপ দেখতে চান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৪ঘ.
bdnews24