ব্রাসেলস, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ইনিয়নভুক্ত দেশগুলোতে ২০১০ সালের পর ১৮ বছরের কম বয়স্করা বন্দুক কিনতে পারবে না। ইইউ আইনপ্রনেতারা গত বৃহস্পতিবার আইন করে এই নিষাধাজ্ঞা আরোপ করেছে। তবে ফিনল্যান্ডের একটি স্কুলে চলতি মাসে গুলির যে ঘটনা ঘটেছে, এই নিষেধাজ্ঞার ফলে সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে কিনা সে নিশ্চয়তা তারা দিতে পারছে না।
অস্ত্র আইন হালনাগাদ ও একে জাতিসংঘ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি হয়।
নতুন আইন অনুয়ায়ী, বন্দুক কেনার জন্য সবাইকে লাইসেন্স করতে হবে। এছাড়া ফ্রান্সের মতো দেশগুলো যেখানে ১৬ বছরের যুবকও বন্দুক কিনতে পারে তাদেরকে আইন পরিবর্তন করার জন্য চাপ দেবে ইইউ।
তবে ১৮ বছরের কম বয়স্করা শিকার ও শুটিংয়ের জন্য বাবা-মায়ের অনুমতি সাপেক্ষে বন্দকু ব্যবহার করতে পারবে। কিন্তু সহিংস অপরাধে সাজাপ্রাপ্তরা কোনো অবস্থাতেই অস্ত্র কিনতে পারবে না।
ফিনল্যান্ড এ সংক্রান্ত প্রস্তাবের কিছু বিষয়ে বিরোধিতা করে আসলেও তাদের একটি স্কুলে এক সহিংস ঘটনার পর তারা তাদের অবস্থানে নমনীয় হয়। নভেম্বরে ফিনল্যান্ডের একটি স্কুলে এক ছাত্রের গুলিতে ছয় শিক্ষার্থী ও স্কুল অধ্যক্ষসহ আটজন নিহত হয়।
ইইউ পার্লামেন্টে বিলটি উত্থাপনকারী জার্মানির গ্রিন পার্টির সদস্য গেইসেলা কেলিনবেচ বলেন, "বৈধ অস্ত্র ব্যবসা ও ইউরোপের নাগরিকদের নিরাপত্তার অধিকারে মধ্যে আমাদের ভারসাম্য আনতে হবে।"
তিনি আরও বলেন, "আমরা জানি, অস্ত্রের অবৈধ ব্যবহার আমরা শতভাগ রোধ করতে পারব না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৪ঘ.
bdnews24