২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বেনজির, বয়কটের চিন্তা নওয়াজের

দেশে-বিদেশে চাপের মুখে সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়িয়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে জেনারেল পারভেজ মুশাররফের শপথ নেওয়ার পর পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে ঘিরে। >>১৬ ডিসেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ইসলামাবাদ, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশে-বিদেশে চাপের মুখে সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়িয়ে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে জেনারেল পারভেজ মুশাররফের শপথ নেওয়ার পর পাকিস্তানের রাজনীতি আবর্তিত হচ্ছে জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে ঘিরে। ২০০৮ সালের ৮ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণের পাশাপাশি ইতিমধ্যেই ১৬ ডিসেম্বরের মধ্যে জরুরি অবস্থা তুলে নেওয়ারও ঘোষণা দিয়েছেন মুশাররফ। সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টো মনোনয়নপত্র জমা দিয়ে ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। অন্যদিকে, নির্বাচন বয়কটের চিন্তা করছেন আরেক সাবেক প্রধান্ত্রী নওয়াজ শরীফ। শুধু বয়কটই নয়, বিরোধীদের বৃহত্তর জোট গঠন করে মুশাররফ বিরোধী রাজনীতি সক্রিয় করতে বেনজিরকেও নির্বাচন বয়কটে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। দেশটির বৃহত্তম দল বেনজিরের নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) বলেছে, জটিল পরিস্থিতির মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার মতো 'কঠিন সিদ্ধান্ত' নিয়েছে তারা। তবে পরিস্থিতি অনুসারে এই সিদ্ধান্ত প্রত্যাহারের অধিকারও আছে তাদের। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতদ্রুত সম্ভব নির্বাচন কমিশন এবং স্থানীয় পর্যায়ের সরকারি প্রশাসন সংস্কারের দাবি জানিয়েছে তারা। কিন্তু একইসঙ্গে পুরোদমেই নির্বাচনের প্রস্তুতি চলছে পিপিপি-তে। শুক্রবারই একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে বেনজির ভুট্টোর। অন্যদিকে, নওয়াজ শরীফ বৃহস্পতিবার বলেছেন বেনজিরকেও নির্বাচন বয়কটে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। তার বিরুদ্ধে থাকা অপহরণ, বিমান ছিনতাই এবং দুর্নীতির মামলার কারণে নির্বাচনে অংশগ্রহণের অনুমোদন না ও পেতে পারেন নওয়াজ। অবশ্য এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। বিরোধী দলগুলোর সম্মিলিত বয়কট মুশাররফকে আবারও চাপের মুখে ফেলে দিতে পারে এবং নির্বাচন গ্রহণযোগ্যতা হারাতে পারে। কিন্তু নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) এর একক নির্বাচন বয়কট তেমন কোনো প্রভাব তৈরী করতে পারবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। অবশ্য ক্রিকেট তারকা-রাজনীতিবিদ ইমরান খানের ছোট দল তেহরিক-ই-ইনসাফ সহ কিছু ইসলামপন্থী দল ইতিমধ্যেই নির্বাচন বয়কটের ঘোষষণা দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১০ ঘ.