নয়াদিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিনকে ভারতে আশ্রয় দেওয়ার নীতি বজায় রাখার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। একইসঙ্গে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। গত সপ্তাহে কলকাতায় কট্টরপন্থী একদল মুসলমানের বিক্ষোভের পর থেকে তসলিমা নাসরিন ভারতের বিভিন্ন শহরে পালিয়ে বেড়াচ্ছেন।
২০০৩ সাল থেকে কলকাতায় থাকা তসলিমা এখন ভারত সরকারের জন্য বিশেষ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছেন। কলকাতায় বিক্ষোভের পর থেকে হিন্দু কট্টরপন্থীদের নেতৃত্বাধীন বিরোধী দল প্রগতিশীল জোট সরকারকে নমনীয় মনোভাবের দায়ে অভিযুক্ত করেছে। তাদের দাবি, সরকার সংখ্যালঘু মুসলমানদের কাছে নতি স্বীকার করে তসলিমাকে ভারত থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে।
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বুধবার সংসদে বিরোধী দলগুলোর অভিযোগ নাকচ করে বলেছেন, ভারতের কাছে নিরাপত্তা চেয়েছে, এমন কাউকে অতীতে কখনোই আশ্রয় দিতে কার্পণ্য করা হয়নি। তসলিমার ক্ষেত্রেও করা হবে না।
তসলিমার সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,"সভ্যতার ঐতিহ্য বজায় রাখা বর্তমান সরকারের নীতি এবং ভবিষ্যতেও তা ধরে রাখা হবে। আর এ কারণেই তসলিমা নাসরিনকে আশ্রয় দেবে ভারত সরকার।"
তিনি আরও বলেন, "ভারতের যে কোনো অতিথির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার ব্যবস্থা করে। তসলিমা নাসরিনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।"
ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনাকারী তসলিমা নাসরিনের বিরুদ্ধে গত সপ্তাহে কলকাতায় একদল মুসলমান বিক্ষোভ শুরু করে। এরপর সেখানে দাঙ্গার আশঙ্কায় সেনা মোতায়েন ও সান্ধ্য আইন জারি করা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার তসলিমাকে কলকাতা থেকে সরিয়ে নেয়। মুসলিম নারীরা বঞ্চনার শিকার- এ ধরনের সমালোচনা করায় এর আগে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ধর্মীয় কিছু নেতা।
কলকাতায় বিক্ষোভের শুরু হওয়ার পরই তসলিমাকে রাজস্থানের একটি হোটেলে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাকে কড়া পুলিশি পাহারায় দিল্লিতে রাখা হয়েছে।
এদিকে, ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে তসলিমা বলেছেন, তিনি কলকাতায় ফিরতে চান, কিন্তু মুসলমানরা আবারও বিক্ষোভ করতে পারে, এ আশঙ্কায় পশ্চিমবঙ্গের কমিউনিস্ট সরকার তা চাচ্ছে না।
প্রণব মুখোপাধ্যায় বলেছেন, "যারা ভারতে কোনো রাজনৈতিক তৎপরতা চালাবে না এবং ভারতের বন্ধু রাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্ক সৃষ্টি করবে না, তারাই এখানে থাকার অনুমতি পাবে।"
তসলিমাকে উদ্দেশ করে তিনি বলেন, "আশা করা যায়, আমাদের অতিথি এখানকার জনগণের সুক্ষ্ম অনুভুতিতে আঘাত করবেন না এবং রাজনৈতিক তৎপরতা থেকেও দূরে থাকবেন।"
আগামী ফেব্র"য়ারিতে তসলিমা নাসরিনের ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হচ্ছে। তবে ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস দিয়েছে দেশটির সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/জিএনএ/১৬২৫ ঘ.
bdnews24