২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় কয়েকদফা ভূমিকম্প, ৩ জন নিহত

মধ্য ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপের উপকূলে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 09:34 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

জাকার্তা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মধ্য ইন্দোনেশিয়ার সুম্বাওয়া দ্বীপের উপকূলে কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান রুস্তম পাকায়া বলেন, ভূমিকম্পগুলোর আঘাতে দ্বীপটির বিমা জেলার একটি ক্লিনিকসহ বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। পাকায়া রয়টার্সকে বলেন, "হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।" ভূমিকম্পগুলোতে সুম্বাওয়া দ্বীপের পূর্বাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার মধ্যরাতের পর সুম্বাওয়া দ্বীপের রাবা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার প্রথম ভূমিকম্প। তিনি আরও বলেন, চার ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প। এর পরপরই এলাকাটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের 'প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার' জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে স্থানীয়ভাবে এর কেন্দ্রস্থল থেকে একশ' কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে দ্বিতীয় ভূমিকম্পটি ৬ দশমিক ৩ মাত্রার ছিল বলে জানানো হয়েছে। এদিকে, স্থানীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার সকালে বেঙ্কুলুর মুকোমুকো থেকে প্রায় একশ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এজন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর আগে গত রোববার একই এলাকায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বেঙ্কুলু এলাকায় ৮ দশমিক চার মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি লোক নিহত হয়েছিল। এছাড়া, ২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে দুই লাখ ৩০ হাজারের বেশি লোক মারা গিয়েছিল। তাদের এক লাখ ৭০ হাজারই ছিল ইন্দোনেশিয়ার অধিবাসী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৫৪ ঘ.