লাহোর, পাকিস্তান, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সোমবার আসন্ন সাধারণ নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনের আগে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ জরুরি অবস্থা প্রত্যাহার না করলে শেষ পর্যন্ত তিনি নির্বাচন নাও করতে পারেন বলে জানিয়েছে নওয়াজের দলীয় সূত্র। আগামী জানুয়ারি মাসের ৮ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আট বছর আগে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধমে নওয়াজ শরীফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। এরপর এক চুক্তির আওতায় নওয়াজ ও তার ভাই শাহবাজ শরীফকে সৌদি আরবে নির্বাসনে পাঠান তিনি।
দীর্ঘ আট বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে সৌদি বাদশাহ আবদুল্লাহর দেওয়া একটি জেট বিমানে করে গত রোববার সন্ধ্যায় বিনা বাধায় স্ত্রী কুলসুম ও ভাই শাহাবাজ শরীফকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন পাকিস্তান মুসলিম লীগের (এন) নেতা নওয়াজ।
প্রসঙ্গত, এর আগে গত ১০ সেপ্টেম্বর নওয়াজ তার নির্বাসিত জীবনের অবসান ঘটানোর লক্ষ্যে চেষ্টা চালান। কিন্তু দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ বিমানবন্দর থেকে জেদ্দাগামী একটি বিমানে তুলে দিয়ে তাকে ফেরত পাঠায় মুশাররফ প্রশাসন।
এদিকে, গত রোববার দেশে ফিরেই পাকিস্তানকে সামরিক শাসন মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওয়াজ।
নওয়াজকে স্বাগত জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা আগে থেকে লাহোর বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। লাহোর নওয়াজের নিজ শহর।
হাজার হাজার কর্মী সমর্থক বিমানবন্দর থেকে রাস্তার দু'পাশে দাড়িয়ে নওয়াজকে স্বাগত জানায়। এ সময় তারা ড্রাম পিটিয়ে হাতে তালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। নওয়াজের পোস্টার, প্ল্যাকার্ড ও দলীয় পতাকা নিয়ে তারা নেচে-গেয়ে উল্লাস করে।
বিমানবন্দর থেকে বের হয়ে উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে গাড়িতে দাঁড়িয়ে নওয়াজ বলেন, "আমরা গণতন্ত্রই চাই অন্য কিছু নয়।" এ সময় তার পরনে ছিল পাকিস্তানের ঐতিহ্যবাহী সাদা সালোয়ার-কামিজ ও এর ওপর কালো ওয়েস্টকোর্ট।
তিনি বলেন, "কোনো পদ বা ক্ষমতার লোভ আমার নেই। আমি ফিরে এসেছি পাকিস্তান ও পাকিস্তানের জনগণকে রক্ষা করতে।"
বিমানবন্দর থেকে মোবাইল ফোনে নওয়াজ শরীফ বিবিসিকে বলেন, "দেশকে সামরিক শাসনের হাত থেকে রক্ষা করতেই আমি দেশে ফিরেছি। এ কাজ করতে আমি আমার সাধ্যমত চেষ্টা করব।"
নওয়াজ আরও বলেন, "আমি চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্র শক্তিশালী করতে।"
এ সময় লাহোর বিমানবন্দরের বাইরে শ শ দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। নওয়াজ শরীফের দেশে ফেরার আগে তার হাজার হাজার সমর্থককে আটক করে পুলিশ।
লাহোর থেকে বিবিসির সাংবাদিক শোয়েব হাসান জানান, নওয়াজ শরীফকে স্বাগত জানাতে প্রায় দুই হাজার সমর্থক বিমানবন্দরে জড়ো হয়। এ সময় তারা শ্লোগান দেয় 'সিংহ ফিরে এসেছে'।
তবে শোয়েব হাসান জানান, গত সেপ্টেম্বরে নওয়াজ প্রথম দফায় দেশে ফেরার চেষ্টাকালে পরিস্থিতি যতটা উত্তেজনাকর ছিল, এবার পুলিশের উপস্থিতিতেও পরিস্থিতি ততটা উত্তেজনাকর ছিল না।
মূলত প্রেসিডেন্ট পদ ধরে রাখার জন্য গত ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর দেশে ও দেশের বাইরে চাপের মুখে রয়েছেন জেনারেল মুশাররফ। স
bdnews24