২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলা, নিহত ১৫

পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে শনিবার সকালে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী একথা জানিয়েছে। রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরে চালানো এ হামলা দুটির প্রথমটি আঘাত হানে সেনা সদর দপ্তরের বাইরে একটি চেকপয়েন্টে। এক আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি দিয়ে এ হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 05:43 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

রাওয়ালপিন্ডি, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে শনিবার সকালে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী একথা জানিয়েছে। রাজধানী ইসলামাবাদের পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরে চালানো এ হামলা দুটির প্রথমটি আঘাত হানে সেনা সদর দপ্তরের বাইরে একটি চেকপয়েন্টে। এক আত্মঘাতী হামলাকারী একটি গাড়ি দিয়ে এ হামলা চালায়। দ্বিতীয় হামলাটি হয় একটি গোয়েন্দা কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে। হামলাকারী একটি গাড়ি দিয়ে ওই বাসটির পেছনে আঘাত হানে। শনিবারের এ হামলা এমন এক সময়ে সংঘটিত হল যখন ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আগামী জানুয়ারি মাসের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সেনা মুখপাত্র মেজর-জেনারেল ওয়াহিদ আরশাদ বলেন, "হামলায় মোট ১৫ জন মারা গেছে। এরা হচ্ছে দুইজন আত্মঘাতী হামলাকারী এবং অপর ১৩ জন।" তিনি বলেন, "বাসটিতে তখন ৫০ জন লোক ছিলেন। অনেকে আহত হয়েছেন। অনেকে সুস্থ আছেন।" হামলা দুটিতে ১৬ জন নিহত হয়েছে বলে এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, রাওয়ালপিন্ডির গোয়েন্দা কার্যালয়ের ফটকের ভেতরে তিনি বাসটির ধ্বংসাবশেষ দেখেছেন। কিন্তু এর পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং দৃশ্যটি গোপন করার জন্য তাঁবু টানিয়ে দেয়। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে এ রাওয়ালপিন্ডি শহরে চালানো দুটি আত্মঘাতী হামলায় ২৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছিলেন। এছাড়া, একই মাসে রাজধানী ইসলামাবাদে চালানো অপর এক আত্মঘাতী হামলায় মারা গিয়েছিল ১৫ জন সেনা সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমএ/১১৩৭ ঘ.