সিঙ্গাপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে চীন ও ভারতের প্রাধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যর্থ হয়েছেনে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তিনি এখন লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম সফরের প্রস্তুতি নিচ্ছেন। সিঙ্গাপুরের একটি পত্রিকা শুক্রবার এ খবর জানিয়েছে।
'স্ট্রেইট টাইমস' পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে গাম্বারি জানিয়েছেন, আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি এ সপ্তাহে পাঁচজন রাষ্ট্রপ্রধান ও ১৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। এ সময় তিনি সেনাশাসিত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়বাও ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে ব্যর্থতার কথা স্বীকার করে গাম্বারি বলেন, এর ফলে তিনি কিছুটা হতাশ হয়েছেন। কারণ মিয়ানমারের সামরিক জান্তার ওপর চীন ও ভারতের ব্যাপক প্রভাব আছে।
মিয়ানমারের প্রধানমন্ত্রী থিয়েন সেইনের আপত্তির মুখে চলতি সপ্তাহে গাম্বারিকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আশিয়ান নেতাদের সঙ্গে যৌথভাবে বিবৃতি দিতে দেওয়া হয়নি।
স্ট্রেইট টাইমস পত্রিকাকে গাম্বারি আরও বলেন, অন্য দেশগুলোর নেতাদের সঙ্গে তার বৈঠক খুবই ফলপ্রসু হয়েছে। তিনি জানান, সবাইকে নিয়ে মুক্ত আলোচনায় এভাবে খোলাখুলি কথা বলা সম্ভব হত না।
মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনায় কী প্রতিবন্ধকতা কাজ করছে- এ প্রশ্নের জবাবে গাম্বারি বলেন, "আমি মনে করি আমাদের বিষয়টি নিয়ে লেগে থাকতে হবে এবং অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে। আর তাছাড়া মিয়ানমারের ভবিষ্যৎ নির্ভর করছে দেশটির সরকার ও জনগণের ওপর। আমরা শুধু তাদের সহযোগিতা করতে পারি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৫ঘ.
bdnews24