বাইদোয়া, সেমালিয়া, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ায় রেড ক্রিসেন্ট কর্মকর্তা নূর হাসান হুসেইনকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে মনোনীত করেছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহি ইউসুফ। ফলে বিদ্রোহিদের সঙ্গে সংঘাতে লিপ্ত সোমালিয়া সরকার রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটতে পারবে বলে আশা করা হচ্ছে।
চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের তিন সপ্তাহ পর হুসেইনকে প্রধানমন্ত্রী হিবেসে মনোনীত করা হল। সোমালিয়ার অধিকাংশ জনগণ হুসেইনকে নিরপেক্ষ বলে মনে করছেন।
দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক নগরী বাইদোয়ায় প্রেসিডেন্ট আব্দুল্লাহি ইউসুফ বলেন, "নূর হাসান হুসেইনকে প্রধানমন্ত্রী মনোনীত করে আমি একটি ডিক্রি জারি করেছি।"
পার্লামেন্টকে মনোনয়ন অনুমোদনের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট দ্রুত মন্ত্রীপরিষদ গঠনের জন্য হুসেইনকে তাগাদা দিয়েছেন। তার মনোনয়ন অনুমোদনের জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে হুসেইন বলেন, "সোমালিয়ার সংবিধানের প্রতি সম্মান জানিয়ে আমি সব সমস্যা মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করব"
সোমালিয়ায় একটি কার্যকর জাতীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯১ সাল থেকে যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই প্রক্রিয়ায় হুসেইন হবেন সোমালিয়ার দ্বিতীয় অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২৮ঘ.
bdnews24