২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার পট প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র: হামাস

ফিলিস্তিনের জাতীয় অধিকার খর্ব করা ও ইরানে হামলার ক্ষেত্র প্রস্তুত করার কাজে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনকে ব্যবহার করতে পারে বলে সন্দেহ করছে হামাস ও তাদের মিত্ররা। তবে হামাস ও তাদের ইরান, সিরিয়া ও লেবাননের মিত্র হিজবুল্লাহ এই সম্মেলন বন্ধ করতে সরাসরি কোনো পদক্ষেপ নেবে না। বরং তাদের বিশ্বাস সম্মেলন সফল হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

বৈরুত, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের জাতীয় অধিকার খর্ব করা ও ইরানে হামলার ক্ষেত্র প্রস্তুত করার কাজে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনকে ব্যবহার করতে পারে বলে সন্দেহ করছে হামাস ও তাদের মিত্ররা। তবে হামাস ও তাদের ইরান, সিরিয়া ও লেবাননের মিত্র হিজবুল্লাহ এই সম্মেলন বন্ধ করতে সরাসরি কোনো পদক্ষেপ নেবে না। বরং তাদের বিশ্বাস সম্মেলন সফল হবে না। যুক্তরাষ্ট্রের আনাপোলিস-এ আগামী ২৭ নভেম্বর মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। হামাস ও তার মিত্ররা মনে করছে, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওই সম্মেলনে কোনো বড় ধরনের সফলতা পাবেন না। কারণ নিজেদের দেশের মধ্যেই তাদের অবস্থান মজবুদ নয়। বৈরুতের কার্নেগি মিডল ইস্ট সেন্টারে সফররত বিশেষজ্ঞ আমাল সাদ-ঘারায়েব বলেন, "আনাপোলিস সম্মেলনে যদি কিছু হয়, তাহলে শান্তি প্রক্রিয়ার ব্যর্থতা আরও একবার পূর্ণাঙ্গভাবে প্রমাণ হবে।" ২০০৬ সালের জানুয়ারি নির্বাচনে হামাস জয়লাভ করে এবং গত জুনে তারা গাজার দখল নিয়ে নেয়। আনপোলিস সম্মেলনে অংশ গ্রহণের জন্য তাদের দাওয়াত দেওয়া হয়নি। এছাড়া ইরান ও সিরিয়াকেও অতিথি হিসেবে সম্মেলনে দাওয়াত দেওয়া হয়নি। হামাস প্রধান খালেদ মাশেল চলতি সপ্তাহে দামেস্কে বিবিসিকে বলেন, "আনাপোলিসে যদি ওলমার্টকে সমর্থন দেওয়া হয় এবং আব্বাসকে ফিলিস্তিনের অধিকারের ব্যাপারে ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাহলে এর ফলে বিদ্বেষ বাড়বে।" ক্ষমতা নিয়ে আব্বাসের ফাতাহ গ্র"পের সঙ্গে হামাসের দ্বৈরথ চলছে। পশ্চিমাদের দাবি মোতাবেক তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে। খালেদ মাশেল বলেন, "মধ্যপ্রাচ্যে শান্তির 'রোড ম্যাপ' বাস্তবায়নের প্রলোভন দেখিয়ে বুশ ইরাকে হামলা চালিয়েছে। আর এখন শান্তি সম্মেলনের নামে তিনি ইরানে হামলার ক্ষেত্র প্রস্তুত করতে চাইছেন। তিনি আসলে মধ্যপ্রাচ্যে শান্তি চান না।" ওই অঞ্চলের ইরানের প্রভাব কমাতে এবং তাদের পরমাণু কর্মসূচি রুখতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাইছে শিয়া অধ্যুষিত ইরানের বিরুদ্ধে একটি বৃহত্তর সুন্নি আরব ঐক্য গড়ে তুলতে। এজন্য আনাপোলিস সম্মেলনে তারা আরব রাষ্ট্রগুলোর অংশ গ্রহণ আশা করছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত মঙ্গলবার বলেছেন, এই সম্মেলন থেকে কিছুই অর্জিত হবে না। বরং এতে ফিলিস্তিন স্বার্থের ক্ষতি হবে। ওয়াশিংটন আশা করছে সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যত রূপরেখা নিয়ে আলোচনা শুরু হবে। তবে সীমান্ত, নিরাপত্তা, বসতি, জেরুজালেম ও শরণার্থীসহ বিভিন্ন বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিস্তর মতপার্থক্য রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, সম্মেলন নিয়ে হামাস ও তার মিত্ররা বাকযুদ্ধ চালিয়ে গেলেও তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা হুট করে কোনো পদক্ষেপ নেবে না। লন্ডন ভিত্তিক 'আল কুদস আল-আরাবি' পত্রিকার সম্পাদক আব্দেল বারি আতওয়ান রয়টার্সকে বলেন, "হামাস বিষয়টি ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা যদি দেখে সম্মেলনে অগ্রগতি হচ্ছে তাহলে শেষ পর্যায়ে পদক্ষেপ নিতে পারে।" তিনি আরও বলেন, "হামাস হয়ত তখন ইসরায়েলের ওপর রকেট হামলা বাড়াতে পারে এবং সম্মেলন পণ্ড করতে জনমত তৈরির চেষ্টা করতে পারে।" আতওয়ান আরও বলেন, "যদি সম্মেলন ব্যর্থ হয়- এই চিন্তা করে তারা আগেই ঝুঁকি নিতে চাইছে না। তাছাড়া তারা এ ব্যাপারে সিরিয়ার অবস্থান গ্রহণের জন্যও অপেক্ষা করে আছে। কারণ সিরিয়াই হামাসকে সমর্থন যুগিয়ে আসছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫২ঘ.