নমপেন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে নির্মম গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক আদালতে। কম্বোডিয়ার জাতিসংঘ সমর্থিত কিলিং ফিল্ডস যুদ্ধপরাধ ট্রাইবুনালে মঙ্গলবার প্রথম খেমাররুজ আমলের কুখ্যাত জেলের প্রধান কারারক্ষক কাং কেক আইয়ু ওরফে দুচ এর অভিযোগের শুনানি হয়েছে। দুচ এর বেইলের আবেদনের শুনানি চলাকালে তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়।
অভিযুক্ত ৫ খেমাররুজ কর্মকর্তার মধ্যে দুচকেই প্রথম গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়। কম্বোডিয়ায় ১৯৭৫-১৯৭৯ সালে খেমাররুজ শাসনামলে লাখ লাখ লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়। নমপেনের কুখ্যাত 'এস-২১' জেল পরিচালনার দায়িত্বে ছিলেন দুচ। খেমাররুজ শাসনামলে ওই জেলে হাজার হাজার লোককে নির্যাতন করাসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়।
কম্বোডিয়াকে জমির ওপর কৃষকের মালিকানার ভিত্তিতে একটি আদর্শ কৃষকরাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে খেমাররুজ বিপ্লব শুরু করেছিলেন পল পট। কিন্তু চার বছরের পলপট শাসনামলে খেমাররুজ বাহিনীর প্রত্যক্ষ নির্যাতন কিংবা তাদের নীতির কারণে না খেয়ে এবং রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা যান প্রায় ১৭ লাখ মানুষ। ১৯৯৮ সালে খেমাররুজদের শেষ ঘাঁটি এবং জন্মস্থান আনলং ভেং-এ মারা যান পলপট।
পল পটের নেতৃত্বাধীন খেমাররুজ শাসনামলের বেঁচে থাকা সদস্য দুচের বয়স এখন ৬০ বছর। জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার পর থেকে তাকে জেলে রাখা হয়েছে। মঙ্গলবার জেল থেকে তাকে আদালতে নেওয়া হয়।
ট্রাইব্যুনালের মুখপাত্র পিটার ফস্টার আদালতে মঙ্গলবারের শুনানিকে 'মাইলফলক' বিচারকাজ বলে অভিহিত করেন। এদিনটিকে বড় ধরনের অর্জনের দিন উল্লেখ করে পিটার বলেন, "এর মধ্য দিয়ে কম্বোডিয়ার সব ঘটনা সামনে চলে আসবে।"
এর আগে খেমাররুজদের প্রথম দিককার তাত্ত্বিক নেতা খিউ সাম্ফানকে নমপেনের একটি হাসপাতাল থেকে আদালতের হেফাজতে নিয়ে যায় পুলিশ। ৭৮ বছর বয়সী সাম্ফানের বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে অংশ নেওয়ার অভিযোগ আনা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আদালত।
খেমাররুজ ট্রাইবুনালে বিচারের জন্য অভিযুক্ত পঞ্চম ব্যক্তি খিউ সাম্ফান। খেমাররুজ পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি এবং তার স্ত্রীকে গত সপ্তাহে গ্রেপ্তার করে আদালত। এদের দুজনেই 'ব্রাদার নম্বর ওয়ান' হিসাবে পরিচিত খেমারুরজ নেতা পল পটের দীর্ঘদিনের বন্ধু ও আত্মীয় ছিলেন।
এর আগে 'ব্রাদার নম্বর টু' হিসেবে পরিচিত নুয়ন চিয়া এবং খেমাররুজদের প্রধান কারারক্ষক দুচ গ্রেপ্তার হন।
প্রথম খেমাররুজ যুদ্ধপরাধী হিসেবে দুচকেই মঙ্গলবার প্রকাশ্যে আদালতে হাজির করা হল।
১৯৫০ এর দশকে প্যারিসে শিক্ষিত কম্বোডীয় তরুণদের ছোট দলটির প্রধান বুদ্ধিজীবী ছিলেন খিউ সাম্ফান। এরা পঞ্চাশের দশকেই কমিউনিজমে দীক্ষা নিয়ে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন এবং চীনের সহায়তায় একটি গেরিলা দল গড়ে তোলার উদ্যোগ নেন। সাম্ফানদের তাত্ত্বিক গ্র"পের নেতৃত্বে গড়ে ওঠা দলটিই পরে খেমাররুজ দলে পরিণত হয়।
তিন বছর আগে প্রকাশিত এক আত্মজীবনীমূলক বইয়ে নিজেকে পলপটের কাছে কার্যত বন্দি হিসেবে তুলে ধরেন খিউ সাম্ফান। তিনি দাবি করেন, ওই গণহত্যা সম্পর্কে কিছু জানতেন না তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ ঘ.
bdnews24