তেহরান, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের নিরাপত্তা পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় তা নিয়ে শিগগিরিই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান। মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো একথা জানিয়েছে।
এর আগে ইরাক ইস্যুতে গত মে মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন দফা আলোচনা হয়েছে। তবে সর্বশেষ আলোচনা হয়েছে প্রায় তিন মাস আগে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি জানিয়েছেন, আরও আলোচনার জন্য তেহরানে সুইস দূতাবাস মারফত যুক্তরাষ্ট্রের একটি আবেদন পেয়েছে ইরান।
মোত্তাকির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বেতার জানিয়েছে, "ইরাক সরকার ও জাতির স্বার্থে এবং ইরাকের স্থিতিশীলতা ও নিরাপত্তায় সহায়তা করার নীতির আওতায় ইরান ওই আবেদনে রাজি হয়েছে।"
তার বরাত দিয়ে বার্তাসংস্থা ইসনা জানিয়েছে, "অদূর ভবিষ্যতে এসব আলাপ-আলোচনা অনুষ্ঠিত হবে।"
ওদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা বেশ কয়েকবার বলেছেন, তারাও শিগগিরিই নতুন আলোচনা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, ইরাকের শিয়া যোদ্ধাদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে ইরান সাহায্য করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরাকের জাতিগত সহিংসতার জন্য তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। এ সহিংসতা ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের মাধ্যমে শুরু হয়েছে। আর এতে প্রাণহানি হায়েছে কয়েক লাখ ইরাকির।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24