নারিতা, জাপান, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসাবে জাপান তাদের দেশে প্রবেশকারী বিদেশিদের হাতের আঙুলের ছাপ নেওয়া শুরুর প্রথমদিনে মঙ্গলবার ৫ জনকে আটক করেছে। জাপানের বিচার মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। এদিকে, জাপানের এ পদক্ষেপের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মানবাধিকার কর্মী, বিদেশি ব্যবসায়ী এবং দীর্ঘ মেয়াদে জাপানে বসবাসকারী অন্য দেশের নাগরিকরা।
নতুন এ পদক্ষেপে বায়োমেট্রিক স্ক্যানিংয়ের সাহায্যে জাপানে প্রবেশকারী বিদেশিদের উভয় তর্জনী আঙুলের ছাপ এবং মুখাবয়বের ডিজিটাল ছবি নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় বলেছে, আঙুলের ছাপ নিয়ে যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের আছে ইন্টারপোলের দেওয়া ৮ লাখ সন্দেহভাজনের তালিকা এবং অতীতে জাপান থেকে বহিস্কৃতদের নামের তালিকায়।
আটককৃতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু মন্ত্রণালয় জানায়নি। তারা কোন দেশের সে ব্যাপারেও মুখ খোলেনি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের একজনকে বহিস্কার করা হবে। আর অন্যান্যদের ব্যাপারে তদন্ত চলছে।
জাপান নতুন পদ্ধতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ তালিকার সঙ্গে মিলিয়ে দেখবে সব প্রবেশকারী বিদেশির তথ্য। এমন অবস্থায় কোনো বিদেশিকে সন্ত্রাসী মনে হলে বা কর্তৃপক্ষের সঙ্গে কেউ সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে তাকে হয় জাপানে প্রবেশ করতে দেওয়া হবে না নতুবা ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
রাজধানী টোকিওর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর 'নারিতা'র ইমিগ্রেশন ব্যুরো'র প্রধান হিসাশি তোশোইকা বলেন, 'বিশ্ব্যবাপী যখন সন্ত্রাসবাদ চলছে, আমরা চাই জাপানে প্রবেশকারী বিদেশিরা আমাদের সহযোগিতা করুক এবং অনুধাবন করুক যে জাপানের নিরাপদ হওয়ার পাশপাশি তাদের জন্যও এটি উত্তম।"
তিনি বলেন, "এর উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাসবাদ প্রতিহত করা।"
এদিকে, সমালোচকরা বলছেন, জাপানে যে নতুন এ প্রক্রিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে গুরুত্ব না দিয়ে বিদেশিদের বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করছে তাই প্রতিফলিত হচ্ছে।
"ফেডারেশন অফ ল'ইয়ার্স এসোসিয়েশন" এর আইনজীবী মিতসুরু নাম্বা বলেন, "জাপানে অপরাধের জন্য গ্রেপ্তারকৃতদের ক্ষেত্রেই কেবল আঙুলের ছাপ নেওয়ার প্রচলন ছিল। তাই বিদেশিদের প্রতি একই ধরনের আচরণ করাটা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন।"
ওদিকে, আঙুলের ছাপ নেওয়ার এ পদক্ষেপে অনেক বিদেশি সন্তোষ প্রকাশ করেছেন। তাদের একজন জাপানের একটি ল্যাঙ্গুয়েজ স্কুলে কর্তব্যরত অস্টেলিয়ার জেক হিনরিখ। ৩৩ বছর বয়সী হিনরিখ তার প্রতিক্রিয়ায় বলেন, "এতে আমি বিরক্ত নই। আমার কাছে এটা উপদ্রব মনে হচ্ছে না। বরং এতে করে আগামী দিনে আপনি হয়তো আরও নিরাপদ বোধ করবেন।"
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্র যে "ইউএস ভিজিট" পদ্ধতি প্রবর্তন করেছিল জাপানের এ পদক্ষেপ একই ধরনের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৯ঘ.
bdnews24