ইসলামাবাদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান জেলে বসেই প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার থেকে অনশন শুরু করেছেন। দেশে জরুরি অবস্থা জারির পরপরই বিচারকদের বরখাস্ত করার মুশাররফের পদক্ষেপের বিরোধিতা করছেন তিনি। তার এক মুখপাত্র হাফিজউল্লাহ খান নিয়াজি একথা জানিয়েছেন।
নিয়াজি জানান, " জরুরি অবস্থা জারির পর বরখাস্ত হওয়া বিচারকরা স্বপদে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার সংকল্প নিয়েছেন।"
নিয়াজি আরও বলেন, তিনি জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন। প্রতিবাদের আর কোনো পথ না পেয়ে ইমরান অনশন করছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তা চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।
মুশাররফের সমালোচক এবং ছোট্ট একটি রাজনৈতিক দলের নেতা ইমরান খানকে গত সপ্তাহে আটক করে পুলিশ। আত্মগোপন অবস্থা থেকে মুশাররফের জরুরি অবস্থার বিরুদ্ধে ছাত্রদের এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে এসে ইমরান পুলিশের হাতে ধরা পড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০২ঘ.
bdnews24