নমপেন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কম্বোডিয়ার জাতিসংঘ সমর্থিত 'কিলিং ফিল্ডস যুদ্ধপরাধ ট্রাইবুনাল' সোমবার খেমাররুজ আমলে দেশটির প্রেসিডেন্ট খিউ সাম্ফানকে গ্রেপ্তার করেছে। খেমাররুজদের প্রথম দিককার এ তাত্ত্বিক নেতাকে নমপেনের একটি হাসপাতাল থেকে আদালতের হেফাজতে নিয়ে যায় পুলিশ। ৭৮ বছর বয়সী সাম্ফানের বিরুদ্ধে যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে অংশ নেওয়ার অভিযোগ আনা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওই আদালত।
পল পটের নেতৃত্বাধীন খেমাররুজ শাসনামলে ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটিতে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যুর জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী করা হয়ে থাকে চরমপন্থী কম্যুনিস্ট খেমাররুজ গেরিলাদের। সেসময়ে সংঘটিত যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে এ আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠন করে কম্বোডিয়া।
ট্রাইবুনালটি জানিয়েছে, "সোমবার অল্প সময়ের জন্য আদালতে হাজির করা হবে তাকে। তখন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হবে ।"
খেমাররুজ ট্রাইবুনালে বিচারের জন্য অভিযুক্ত পঞ্চম ব্যক্তি খিউ সাম্ফান। খেমাররুজ পররাষ্ট্রমন্ত্রী ইয়েং সারি এবং তার স্ত্রীকে গত সপ্তাহে গ্রেপ্তার করে এই আদালত। এদের দুজনেই 'ব্রাদার নম্বর ওয়ান' হিসাবে পরিচিত খেমারুরজ নেতা পল পটের দীর্ঘদিনের বন্ধু ও আত্মীয় ছিলেন।
এর আগে 'ব্রাদার নম্বর টু' হিসেবে পরিচিত নুয়ন চিয়া এবং খেমাররুজদের প্রধান কারারক্ষক দুচ-কেও গ্রেপ্তার করে পুলিশ। কারারক্ষক দুচ নমপেনের কুখ্যাত "এস-২১" নিপীড়নকেন্দ্রটি পরিচালনা করতেন।
এ মঙ্গলবারে জনসমক্ষে আনা প্রথম খেমাররুজ যুদ্ধপরাধী হিসেবে দুচকে প্রকাশ্যে আদালতে হাজির করা হবে।
১৯৫০ এর দশকে প্যারিসে শিক্ষিত কম্বোডীয় তরুণদের ছোট দলটির প্রধান বুদ্ধিজীবী ছিলেন খিউ সাম্ফান। এরা পঞ্চাশের দশকেই কমিউনিজমে দীক্ষা নিয়ে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন এবং চীনের সহায়তায় একটি গেরিলা দল গড়ে তোলার উদ্যোগ নেন। সাম্ফানদের তাত্ত্বিক গ্র"পের নেতৃত্বে গড়ে ওঠা দলটিই পরে খেমাররুজ দলে পরিণত হয়।
তিন বছর আগে প্রকাশিত এক আত্মজীবনীমূলক বইয়ে নিজেকে পলপটের কাছে কার্যত বন্দি হিসেবে তুলে ধরেন খিউ সাম্ফান। তিনি দাবি করেন, ওই গণহত্যা সম্পর্কে কিছু জানতেন না তিনি।
কম্বোডিয়াকে জমির ওপর কৃষকের মালিকানার ভিত্তিতে একটি আদর্শ কৃষকরাজ্য হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে খেমাররুজ বিপ্লব শুরু করেছিলেন পল পট। কিন্তু চার বছরের পলপট শাসনামলে খেমাররুজ বাহিনীর প্রত্যক্ষ নির্যাতন কিংবা তাদের নীতির কারণে না খেয়ে এবং রোগে ভুগে বিনা চিকিৎসায় মারা যান প্রায় ১৭ লাখ মানুষ। ১৯৯৮ সালে খেমাররুজদের শেষ ঘাঁটি এবং জন্মস্থান আনলং ভেং-এ মারা যান পলপট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬২৮ ঘ.
bdnews24