২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ডলারে তেল লেনদেন নয়: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মার্কিন ডলারের বিনিময়ে তেল লেনদেন বন্ধের পরামর্শ দিয়েছেন। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে না--- একথা বলার পরপরই আহমাদিনেজাদ ডলারকে 'মূল্যহীন কতগুলো কাগজের টুকরো' অভিহিত করে এর বিনিময়ে তেল লেনদেন না করার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

রিয়াদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মার্কিন ডলারের বিনিময়ে তেল লেনদেন বন্ধের পরামর্শ দিয়েছেন। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের কারণে যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে না--- একথা বলার পরপরই আহমাদিনেজাদ ডলারকে 'মূল্যহীন কতগুলো কাগজের টুকরো' অভিহিত করে এর বিনিময়ে তেল লেনদেন না করার আহ্বান জানান। পেট্রোলিয়াম রপ্তানীকারক দেশগুলোর জোট ওপেক সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ বলেন, " আমরা কখনই তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চাই না। হামলার জবাব দেওয়ার অন্য পন্থা আমাদের আছে।" আহমাদিনেজাদের এই বক্তব্য পারসি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করে শোনানো হয়। মার্কিন ডলার সম্পর্কে আহমাদিনেজাদ বলেন, "ওপেক সম্মেলনে যোগ দিতে আসা সব নেতারাই আজ ডলারের অবমুল্যায়নের কারণে খুশি নন। গত ১২ মাসে ইউরো ও অন্যান্য বৈদেশিক মুদ্রার তুলনায় ডলারের মান পড়ে গেছে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ডলারের মান পড়ে যাওয়ায় ওপেক-এর সদস্যদেশগুলোর রাজস্ব আয় কমে আসছে। কারণ তারা তেলের দাম নির্ধারণ এবং বিক্রি সবই করছে মার্কিন ডলারে। ডলারের মান পড়ে যাওয়ায় ওপেকভুক্ত দেশগুলো এখন নগদ অর্থ অন্যান্য মুদ্রায় রূপান্তর করার দিকে ঝুঁকছে বলেও আহমাদিনেজাদ উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে তেল নিয়ে আমাদেরকে কতকগুলো অর্থহীন কাগজের টুকরো দিচ্ছে।" উল্লেখ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে ইরান অটল থাকায় যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান বেসামরিক পরমাণু কর্মসুচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ঘ.