লাহোর, পাকিস্তান, ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদল পিপিপি'র সভানেত্রী বেনজির ভুট্টোর সঙ্গে গত শুক্রবার টেলিফোনে আলাপ করেছেন দেশটিতে সফররত মার্কিন দূত জন নিগ্রোপন্টে। একইসঙ্গে নিগ্রোপন্টে পাকিস্তানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে দেশটির মধ্যপন্থী শক্তিগুলোর একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানানোর লক্ষ্যে শুক্রবারই পাকিস্তান সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিগ্রোপন্টে। পাকিস্তানে তার সফর শুরু হওয়ার অল্প কিছুক্ষণ আগে বেনজির ভুট্টোকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয়। জরুরি অবস্থার বিরুদ্ধে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে গত মঙ্গলবারের নির্ধারিত লং মার্চের প্রাক্কালে বেনজিরকে গৃহবন্দি করা হয়েছিল।
আজ শনিবার জেনারেল মুশাররফের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নিগ্রোপন্টের। আশা করা হচ্ছে, মুশাররফের সঙ্গে সাক্ষাৎকালে নিগ্রোপন্টে তাকে দুই সপ্তাহ আগে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার, আটক হাজার হাজার লোককে ছেড়ে দেওয়ার এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাবেন।
টেলিফোনে বেনজির ভুট্টোর সঙ্গে নিগ্রোপন্টের কী আলাপ হয়েছে সে সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র শ্যন ম্যাকরম্যাক ওয়াশিংটনে বলেন, "তিনি পাকিস্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দেশটির মধ্যপন্থী শক্তিগুলোর একত্রে কাজ করার এবং পাকিস্তানকে সাংবিধানিক শাসনের পথে ফিরিয়ে আনার গুরুত্বের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।"
ম্যাকরম্যাক বলেন, পাকিস্তানের রাজনৈতিক অবস্থাকে বেনজির কোন দৃষ্টতে দেখছেন সে সম্পর্কে নিগ্রোপন্টে তার কাছ থেকে কিছু শুনতে চেয়েছিলেন।
এদিকে, গৃহবন্দিত্ব থেকে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টা বাদে বার্তাসংস্থা রয়টাসর্কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনজির বলেছেন, আট বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পরমাণু অস্ত্র সমৃদ্ধ পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত মার্কিন দূতের।
প্রসঙ্গত, পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ শুক্রবারই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সিনেট চেয়ারম্যান মুহাম্মদ মিয়া সুমরোকে শপথ পাঠ করিয়েছেন। দেশে জাতীয় নির্বাচন দেওয়ার প্রস্তুতির প্রথম ধাপে একইসঙ্গে ২৪ সদস্যের একটি মন্ত্রিসভারও শপথ পাঠ করান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৩২৪ ঘ.
bdnews24