রামাল্লাহ, পশ্চিম তীর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার গাজার হামাস গেরিলা দলের শাসকদের উৎখাত করার জোরাল আহ্বান জানিয়েছেন। এ যাবৎকালের মধ্যে এবারই হামাসকে ক্ষমতা থেকে হটানোর সবচে শক্তিশালী আহ্বান জানিয়ে আব্বাস বলেন, "আমাদেরকে জোর করে গাজা দখলে রাখা এই চক্রের পতন ঘটাতেই হবে।" টেলিভিশনে এক ভাষণে তিনি একথা বলেন।
প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুবার্ষিকী উদযাপনকালে গাজায় ফাতার সমাবেশে হামাসের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ জন নিহত হওয়ার তিনদিন পর আব্বাস এই ভাষণ দিলেন।
যুক্তরাষ্ট্রের উদ্যোগে আসন্ন মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আব্বাস। এ সম্মেলনে তার হাত শক্তিশালী হবে বলেই আশা করছেন তিনি। তবে হামাসকে কিভাবে অপসারণ করা হবে সে ব্যাপারে আব্বাস বিস্তারিত কিছু বলেননি।
আব্বাসের আহ্বানের প্রতিক্রিয়ায় হামাস কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, " আব্বাসের মন্তব্য লজ্জাজনক।" তিনি আরও বলেন, "তারা ফিলিস্তিনিদের মধ্যে সংহতি গড়তে না চাওয়ারই প্রমাণ দিয়েছে।"
এর আগে আব্বাস বলেন, " হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের সঙ্গে ঐক্য গড়া নিয়ে কোনো আলোচনা নয়।" হামাস গত জুনে গাজা দখল করে নেয়।
টেলিভিশনের ভাষণে আব্বাস বলেন, শুক্রবার সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি ম্যারিল্যান্ডের
আনাপোলিস সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে সমঝোতায় পৌঁছার চেষ্টা চালাবেন। সৌদি আরব ওই সম্মেলনে যোগদানের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
আবদুল্লাহর সঙ্গে বৈঠকে সমন্বয়, ঐক্য গড়ে তোলা এবং পারস্পরিক লক্ষ্য অর্জনে অগ্রসর হওয়া নিয়েও আব্বাস কথা বলতে চান বলে জানান।
কিন্তু ফিলিস্তিনিদের নিজেদের মধ্যকার বিভেদের কারণে ভবিষ্যৎ শান্তিচুক্তি কিভাবে হওয়া সম্ভব তা এখনও স্পষ্ট নয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১২ঘ.
bdnews24