সান্তিয়াগো, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আমেরিকার দেশ চিলির খনিসমৃদ্ধ উত্তরাঞ্চলে বুধবার শক্তিশালী এক ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। এছাড়া, বন্ধ হয়ে গেছে সেখানে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি তামা খনির উৎপাদন কাজ।
রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের আঘাতে চিলির পার্বত্য উত্তরাঞ্চলের আকাশ ধুলায় ছেয়ে যায়। কেঁপে ওঠে চিলির প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী শহরগুলো।
ভূমিকম্পে খনিসমৃদ্ধ উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে ৭৫ মাইল উত্তরের টোকোপিলা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার একটি উপকূলীয় মহাসড়কের টানেলে কয়েক ডজন রাস্তা শ্রমিক আটকে আছেন বলে খবর পাওয়া গেছে। সরকারি মুখপাত্র রিকাডো লাগোস জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল নাগাদ তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হবে।
তিনি বলেন, সাগরপথে গিয়ে নৌবাহিনী তাদের উদ্ধার করবে। "আমরা যত দূর জানি সেখানে কেউ আহত হয়নি বা (তাদের মধ্য থেকে ) কেউ মারাও যায়নি।"
সবচেয়ে ক্ষতিগ্রস্ত টোকোপিলা এলাকার বাসিন্দাদের অনেককেই বুধবার রাত কাটিয়েছেন খোলা আকাশের নীচে। টোকোপিলার মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে এখানে কমপক্ষে ১১৫ জন আহত এবং প্রায় ১২শ' ঘর-বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। এর ফলে গৃহহীন হয়ে পড়েছে চার হাজার বাসিন্দা।
বুধবার স্থানীয় বেতারকে তিনি বলেন, "আজ টোকোপিলার বাসিন্দারা রাস্তায় ঘুমাতে চলেছেন।"
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে দেয়াল ধসে ৮৮ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া ৫৪ বছর বয়সী এক নারীও মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
চিলির প্রেসিডেন্ট মিশেল বাশেলেটের বৃহস্পতিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৫৪৬ ঘ.
bdnews24