দুবাই, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরব, কুয়েত. সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে শ্রীলংকার কর্মজীবী নারীরা ব্যাপক নিপীড়নের শিকার হচ্ছেন। নিয়োগদাতারা গৃহস্থালি কাজে নিয়োজিত নারী শ্রমিকদের দৈনিক ১৬ থেকে ২১ ঘন্টা কাজ করতে বাধ্য করছেন এবং সাপ্তাহিক ছুটি না দিয়ে এমনকি নিয়মিত বেতনভাতা আটকে রেখে তাদেরকে দীর্ঘদিন এরকম মানবেতর অবস্থায় কাজ করতে বাধ্য করছেন।
এছাড়া, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছেন তারা। এসব দেশের সরকার শ্রীলংকার কর্মজীবী নারী বিশেষত গৃহস্থালি কাজে নিয়োজিতদের বিরুদ্ধে মারাত্মক নিপীড়ন প্রতিরোধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বুধবার একথা জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির নারী অধিকার গবেষক জেনিফার টার্নার বলেছেন, "গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রীলংকার নারীদের জন্য সাপ্তাহিক ছুটির দিন, কর্মদিবসের সীমা নির্ধারণ এবং কর্মদিবসে কাজের শেষে চলা-ফেরার স্বাধীনতা নিশ্চিত করতে অস্বীকৃতির মাধ্যমে এসব উপসাগরীয় দেশের সরকার তাদের নিপীড়নের দিকে ঠেলে দিচ্ছেন। অথচ এসব অধিকারের নিশ্চয়তা দিয়েই তাদের কাজে নেওয়া হয়েছিল।"
প্রায় ৬,৬০,০০০ শ্রীলংকান নারী প্রবাসে গৃহস্থালি কাজে নিয়োজিত রয়েছেন। এদের মধ্যে প্রায় নব্বই ভাগই কাজ করেন কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং লেবাননে। প্রবাসে গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রীলংকার নারীদের বঞ্চনা ও নিপীড়নের শিকার হওয়ার ঘটনা নিয়ে ১৩১ পৃষ্ঠার এক প্রতিবেদনে 'হিউম্যান রাইটস ওয়াচ' এসব কথা জানায়।
এইচআরডব্লিউ জানায়, নিয়োগদাতারা অনেক ক্ষেত্রেই এসব নারীদের পাসপোর্ট নিয়ে নেয় এবং তাদের কর্মস্থলের ভেতরে আটকে রাখে। কেউ কেউ মাসের পর মাস এমনকি বছর ধরেও তাদের বেতন আটকে রাখে যাতে তারা পালিয়ে যেতে না পারে।
গৃহস্থালি কাজে নিয়োজিত এসব নারীদের বঞ্চনা অনেক সময় শুরু হয় নিজের দেশেই। স্থানীয় এজেন্টরা বিদেশের কাজ ও সুযোগ সুবিধা সম্পর্কে ভুল ধারণা দেন এবং নির্ধারিত ফি এর চেয়ে অনেক বেশি অর্থ আদায় করে থাকেন। কিন্তু বিদেশে এসে বেশিরভাগ ক্ষেত্রেই এসব শ্রমিকদের দৈনিক প্রায় ১৬ থেকে ২১ ঘন্টা পর্যন্তও কাজ করতে বাধ্য হন।
ওদিকে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং লেবাননের শ্রমআইনে শ্রমিকদের অধিকার রক্ষায় নানা সুযোগ সুবিধার কথা বলা হলেও গৃহস্থালি শ্রমিকদের এসব আইনের আওতায় নেওয়া হয়নি। অথচ অন্যসব শ্রমিকদের জন্য কর্মঘন্টার সীমা নির্ধারণ, সাপ্তাহিক ছুটি এবং বেতনসহ বিভিন্ন বার্ষিক ছুটির বিধান রয়েছে।
অনেক ক্ষেত্রে দেশগুলোর আইনি কাঠামোই শ্রমিক নিপীড়নের সুযোগ করে দেয়। যেমন সৌদি আরবে গৃহস্থালি শ্রমে নিয়োজিতদের দেশে ফেরার সময় একটি 'এক্সিট ভিসা' নিতে হয়। আর নিয়োগদাতারা ওই ভিসা প্রথার সুযোগ নিয়ে শ্রমিকদের আটকে রাখে এবং তাদের ওপর নিপীড়ন চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০০ ঘ.
bdnews24