২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় সর্বশেষ সামরিক ঘাঁটি বন্ধ করল রাশিয়া

রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, জর্জিয়ায় তারা তাদের সমারিক উপস্থিতির অবসান ঘটিয়েছে। সর্বশেষ সামরিক ঘাঁটি বন্ধ করে জর্জিয়ায় দুই শতাব্দীরও বেশি সময়কার সামরিক উপস্থিতির অবসান ঘটাল রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 09:20 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

তিবিলিসি, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়া মঙ্গলবার জানিয়েছে, জর্জিয়ায় তারা তাদের সমারিক উপস্থিতির অবসান ঘটিয়েছে। সর্বশেষ সামরিক ঘাঁটি বন্ধ করে জর্জিয়ায় দুই শতাব্দীরও বেশি সময়কার সামরিক উপস্থিতির অবসান ঘটাল রাশিয়া। জর্জিয়ার আজারা স্বায়ত্ত্বশাসিত প্রজাতন্ত্রের বাতুমিতে ছিল রাশিয়ার সর্বশেষ সামরিক ঘাঁটি। এর এলাকা জর্জিয়ার কাছে হস্তান্তর করার দলিলে স্বাক্ষর করেন ককেসাসে রুশ সেনাবাহিনীর কমান্ডার এন্ড্রিউ পোপোভ। জর্জিয়া থেকে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো তুলে নেওয়ার ব্যাপারে ২০০৫ সালে মস্কোর সঙ্গে চুক্তি হয় জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির। প্রসঙ্গত, ঊনিশ শতকের প্রথম দিকে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় জর্জিয়া। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের পর বেশ কিছু বছর স্বাধীনও ছিল জর্জিয়া। কিন্তু ১৯২১ সালে আবারও জর্জিয়ার দখল নিয়ে নেয় সোভিয়েত সেনারা। পরবর্তীতে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার সময় জর্জিয়া স্বাধীনতা ঘোষণা করে। এর পর জর্জিয়ায় চারটি সামরিক ঘাঁটি গাড়ে রাশিয়া। তবে সেই থেকে রাশিয়ার সঙ্গে জর্জিয়ার সম্পর্ক ভাল যাচ্ছিল না। বিশেষ করে সামরিক ঘাঁটিগুলোর জন্য। ওদিকে, জর্জিয়ার প্রেসিডেন্ট সাকাশভিলি গত সপ্তায় জরুরি অবস্থা ঘোষণা করে বেসরকারি গণমাধ্যম এবং সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। ক্ষমতা দখলের ষড়যন্ত্র ঠেকাতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, জর্জিয়ার অস্থিতিশীলতার পেছনে রাশিয়ার হাত রয়েছে। সাবেক সোভিয়েতভূক্ত দেশটিকে পশ্চিমা ধাঁচের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সাকাশভিলি। পাশাপাশি জার্জিয়াকে ন্যাটোর সামরিক জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছেন তিনি। মঙ্গলবার রাশিয়ার কাছ থেকে বাতুমির সামরিক ঘাঁটির এলাকা বুঝে পাওয়ার পর জর্জিয়ার প্রথম সহকারি প্রতিরক্ষামন্ত্রী বলেন, "এসব দলিলে স্বাক্ষর হওয়ার পর জর্জিয়া ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলোর কাজ বন্ধ হল। আজকের দিন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৫৭ ঘ.