২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে বিক্ষোভ, পুলিশ স্টেশনে হামলা

পাকিস্তানে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দী করার প্রতিবাদে বিক্ষোভের সময় করচির দুটি পুলিশ স্টেশনে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। তবে পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

করাচি, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টোকে গৃহবন্দী করার প্রতিবাদে বিক্ষোভের সময় করচির দুটি পুলিশ স্টেশনে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। তবে পুলিশ জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ফায়েজ খান বলেন, "বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মীরা বিক্ষোভ করার সময় ৩৫ থেকে ৪০ জন অস্ত্রধারী গুলি চালায়।" তিনি জানান, পিপিপির শক্ত ঘাঁটি লায়রি এলাকায় ওই ঘটনা ঘটে। তবে দলীয় কর্মীরা গুলি চালিয়েছে কিনা সেটা জানা যায়নি। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে লাহোর থেকে মটর বিক্ষোভ শুরু করার আগে সোমবার রাতে বেনজিরকে সাত দিনের জন্য গৃহবন্দী করা হয়েছে। মুশাররফের সেনাপ্রধানের পদত্যাগ ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে তিনি এই বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেলেন। দ্বিতীয় দফায় গৃহবন্দী হওয়ার পর মুশাররফকে প্রেসিডেন্ট পদও ছাড়তে হবে বলে দাবি তুলেছেন বেনজির। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ঘ.