২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মানবাধিকারের প্রতি হুমকি

জলবায়ু পরিবর্তনকে মানবাধিকারের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করে একটি প্রস্তাব গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ২৬টি ছোট দ্বীপ রাষ্ট্রের প্রতিনিধিরা মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালেতে এক সম্মেলেনে মিলিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

মালে, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তনকে মানবাধিকারের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করে একটি প্রস্তাব গ্রহণের উদ্দেশ্যে বিশ্বের ২৬টি ছোট দ্বীপ রাষ্ট্রের প্রতিনিধিরা মঙ্গলবার মালদ্বীপের রাজধানী মালেতে এক সম্মেলেনে মিলিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আসছে ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সংস্থা 'দ্য আ্যলায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটস' (এওএসআইএস)। আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে মালেতে গৃহীত প্রস্তাবটি উপস্থাপন করতে চায় এওএসআইএস। সম্মেলনে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে সঠিক নীতি গ্রহণের এখনই সময়।" ২৬টি ছোট দ্বীপ রাষ্ট্রের মন্ত্রী ও কূটনীতিকরা মালের একটি অবকাশে কেন্দ্রে বৈঠকে বসেছেন। প্রতিনিধিরা আশা করছেন, এই সম্মেলন থেকে একটি প্রস্তাবনা গ্রহণ করা যাবে। ওই প্রস্তাবে জলবায়ু পরিবর্তনকে মানুষের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশের অধিকারের প্রতি হুমকি হিসেবে চিহ্নিত করা হবে। জলবায়ু পরিবর্তন যে দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উন্নত দেশগুলোকে সেটা বোঝানোর জন্যই এই প্রস্তবনা। এশিয়ার বর্তমান সবচেয়ে দ্বীর্ঘস্থায়ী শাসক গাইয়ুম ৩০ বছর মালদ্বীপের ক্ষমতায় আছেন। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে দ্বীপ রাষ্ট্রগুলোর আসন্ন বিপদ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য অনেকদিন ধরে কাজ করছেন। ১৯৮৭ সালে তিনি বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করেন। মালদ্বীপের ১২ শ'রও বেশি দ্বীপের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটারেরও কম। আর জাতিসংঘের পরিবেশ পরিষদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২১০০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৫৯ সেন্টিমিটার বেড়ে গেলে দ্বীপগুলোর অধিকাংশ তলিয়ে যেতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১৮ঘ.