২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজির আবারও গৃহবন্দী

পাকিস্তানের পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টোকে আবারও গৃহবন্দী করেছে। মঙ্গলবারের বহুল-আলোচিত লং মার্চের প্রাক্কালে তাকে এক সপ্তাহ মেয়াদে অন্তরীণ করার এ পদক্ষেপ নিল সেনাশাসক জেনারেল মুশাররফের সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 08:21 AM

Updated : 26 Aug 2022, 08:56 PM

লাহোর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের পুলিশ সাবেক প্রধানমন্ত্রী ও পিপিপি নেত্রী বেনজির ভুট্টোকে আবারও গৃহবন্দী করেছে। মঙ্গলবারের বহুল-আলোচিত লং মার্চের প্রাক্কালে তাকে এক সপ্তাহ মেয়াদে অন্তরীণ করার এ পদক্ষেপ নিল সেনাশাসক জেনারেল মুশাররফের সরকার। এর আগে গত শুক্রবার বেনজিরকে কয়েক ঘন্টার জন্য গৃহবন্দী করা হয়েছিল। তবে বেনজিরের দল জানিয়েছে, নেত্রীকে বন্দী করা হলেও তারা মঙ্গলবারের পরিকল্পিত লং মার্চ করবে। পুলিশ জানিয়েছে, বেনজির এবং তার সমর্থকরা যাতে লং মার্চ করতে না পারেন তা নিশ্চিত করতে লাহোরে প্রায় ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট মুশাররফের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে। সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ মুশাররফকে জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। (আরো তথ্যসহ ১) এছাড়া, ৫৩- জাতি কমনওয়েলথ এক হুমকিতে বলেছে, আগামী ২২ নভেম্বরের মধ্যে জরুরি অবস্থা তুলে নেওয়া না হলে পাকিস্তানকে সংস্থাটি থেকে বহিষ্কার করা হবে। সেনাপ্রধানের পদ থেকে মুশাররফের পদত্যাগ, জরুরি অবস্থা প্রত্যাহার, সংবিধান পুনঃস্থাপন এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে মঙ্গলবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে ২৭০ কিলোমিটার লং মার্চ করার পরিকল্পনা নিয়েছিলেন পাকিস্তানের দুই মেয়াদের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। কিন্তু সোমবার রাতে প্রায় ৪ হাজার পুলিশের একটি দল লাহোরে পিপিপি-র এক নেতার বাড়িতে হানা দেয়। বেনজির ভুট্টো তখন ওই বাড়িটিতেই ছিলেন। পুলিশ বাড়িটি কাটাতারের বেড়া ও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। তারা ট্রাক ও ট্রাক্টর দিয়ে বাড়ির সামনের রাস্তা বন্ধ করে দেয়। আটকাদেশের ঘোষণাটি সেঁটে দেওয়া হয় বাড়িটির ফটকে। পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা লাহোর থেকে দেড় হাজার রাজনৈতিক কর্মীকে আটক করেছে এবং 'প্রয়োজন পড়লে' তারা শক্তি প্রয়োগ করবে। লাহোরের যে বাড়িতে বেনজির গৃহবন্দী রয়েছেন তার চারপাশে এক কিলোমিটার এলাকাজুড়ে কড়া পাহারায় আছে পুলিশ ও দাঙ্গা পুলিশ। সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, "তার বাসভবনটি এখন একটি সরকারি কারাগার।" গত ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির পর জেনারেল মুশাররফ পাকিস্তানের সংবিধান স্থগিত, অধিকাংশ বিচারককে বহিষ্কার, শত শত আইনজীবী এবং হাজার হাজার সরকারবিরোধী ও মানবাধিকার কর্মীকে আটক এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। এসব পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সেই থেকে দেশে-বিদেশে তীব্র সমালোচনার মধ্যে রয়েছেন জেনারেল মুশাররফ। পুলিশ কর্মকর্তাটি বলেন, "তারা আইনকে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে, বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপল'স পার্টি মঙ্গলবারের পরিকল্পিত লং মার্চ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পিপিপি-র এক শীর্ষ নেতা শাহ মেহমুদ কুরেশি বলেন, "আমরা আমাদের মার্চ করব। তিনি (বেনজির) বেরিয়ে আসবেন। সরকার বিবাদ চাইছে। গণতন্ত্রের জন্য আমরা এ যুদ্ধে লড়ার জন্য প্রস্তুত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/১২২২ ঘ.