২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে ইরান যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি। সোমবার চীনা কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলবস্থা অবসানে সাহায্য করার জন্য বেইজিংয়ের ওপর ক্রমবর্ধান আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

বেইজিং, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচি। সোমবার চীনা কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলবস্থা অবসানে সাহায্য করার জন্য বেইজিংয়ের ওপর ক্রমবর্ধান আন্তর্জাতিক চাপের পরিপ্রেক্ষিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সফর করছেন বলে ধারণা করা হচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য মঙ্গলবার ইরান সফর করবেন ইয়াং। পশ্চিমাদের অভিযোগ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত। গত সপ্তায় ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, তার দেশের পরমাণু কর্মসূচি অপরিবর্তনীয়। তার এ বক্তব্যে জাতিসংঘের সম্ভাব্য নতুন অবরোধের মুখেও পরমাণু ইস্যুতে ইরানের অনঢ় অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী ১৯ নভেম্বর বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের। ছয় বিশ্ব শক্তির এ বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মদ এল বারাদির প্রতিবেদনগুলো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞায় ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে চীনের। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের দুই দফা অবরোধে অনুমোদন দিয়েছিল বেইজিং। যদিও চীনা কর্মকর্তারা বলছেন, কূটনৈতিক পন্থা হিসাবে অবরোধের চেয়ে আরও বেশি আলাপ-আলোচনাকেই তারা সমর্থন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৫১ ঘ.