২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনা অভিযানে নারী-শিশুসহ ১৮ জন নিহত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনী রোববার দক্ষিণ আফগানিস্তানে অভিযান চালিয়ে ১৫ জন জঙ্গিকে হত্যা করেছে। অবশ্য ওই অভিযানে দুই শিশু এবং এক নারীও নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2007, 08:49 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

কাবুল, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটবাহিনী রোববার দক্ষিণ আফগানিস্তানে অভিযান চালিয়ে ১৫ জন জঙ্গিকে হত্যা করেছে। অবশ্য ওই অভিযানে দুই শিশু এবং এক নারীও নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। হামলাকারী জঙ্গিদের বোমা সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করার লক্ষ্যে হেলমান্দ প্রদেশের গরমসার জেলার কয়েকটি ভবনে অভিযান চালানোর সময় প্রাণহানির এ ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, "এক তল্লাশি অভিযানকালে জঙ্গিরা তাদেরকে একটি ভবনের ভেতর আশ্রয় নেয় এবং ব্যাপক গুলিবর্ষণ করে।" বিবৃতিতে আরও বলা হয়েছে, "জোট সেনারা একটি গ্রেনেড ব্যবহার করে এবং তাতে মারা যায় ওইসব জঙ্গি। গ্রেনেডটির আঘাতে জঙ্গিরা যে ভবন থেকে যুদ্ধ করছিল সেটি ধসে পড়ে।" পরবর্তীতে জোট সেনারা বিধ্বস্ত ওই ভবনটিতে নিহত জঙ্গিদের পাশপাশি দুই শিশু ও এক নারীর লাশ পড়ে থাকতে দেখতে পান। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটিতে মোতায়েন বিদেশি সেনাদের বেসামরিক লোক হত্যা সম্পর্কে বারবার সতর্ক করে আসছেন। তার আশঙ্কা, এর ফলে তার সরকারের ওপর থেকে সমর্থন কমে যাবে এবং দেশটিতে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে জন অসন্তোষ বাড়বে। তার এ সতর্কতা সত্ত্বেও তালেবান গেরিলাদের বিরুদ্ধে বিদেশি সেনাদের অভিযানে বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনা ঘটে চলেছে। জাতিসংঘের হিসাব সূত্রে জানা যায়, তালেবান গেরিলাদের লক্ষ্য করে আফগান ও আন্তর্জাতিক সেনাদের অভিযানে প্রায় তিনশ' বেসামরিক লোক নিহত হয়েছে। এদিকে, গজনি প্রদেশের মধ্যাঞ্চলীয় এক শহরে রোববার রাতে তালেবান গেরিলা হামলায় চার আফগান পুলিশ নিহত এবং অপর একজন আহত হয়েছে। সোমবার প্রাদেশিক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। উল্লেখ্য, আফগানিস্তানে গত দুই বছর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আর এতে মারা গেছে প্রায় সাত হাজার লোক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪২৩ ঘ.