ইস্তাম্বুল, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের কাছ থেকে গত সপ্তায় মুক্তি পাওয়া আট তুর্কি সেনাকে নির্দেশ অমান্যের অভিযোগে আটক করেছে তুর্কি সেনাবাহিনী। অভিযোগে বলা হয়েছে, তারা এমনভাবে নির্দেশ অমান্য করেছে যার ফলে "বিপর্যয়" নেমে আসতে পারত। আটক সেনাদের এক আইনজীবী রোববার একথা জানিয়েছেন।
অক্টোবর মাসে ওই সেনাদের আটকের ঘটনায় তুর্কি সেনাবাহিনী এবং পিকেকে গেরিলাদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। পিকেকে গেরিলাদের নির্মূলে সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকে সেনা অভিযান চালানোর হুমকিও দেয় তুরস্ক। প্রসঙ্গত, উত্তর ইরাকে প্রায় তিন হাজার পিকেকে গেরিলা রয়েছে। তারা তুরস্কের ভেতরে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে ঘাঁটি হিসাবে ব্যবহার করে আসছে।
আটক সেনাদের আইনজীবী বলেন, "সেনারা এমনভাবে নির্দেশ অমান্যের অভিযোগে অভিযুক্ত হয়েছেন যার পরিপ্রেক্ষিতে বিপর্যয় ঘটার পথ সহজ হয়ে উঠছিল।"
তবে তারা আসলে কোন নির্দেশ অমান্য করেছিল সে বিষয়টি তিনি পরিষ্কার করেননি।
পিকেকে গেরিলাদের কাছ থেকে মুক্তি পেয়ে দেশে ফেরার পর সমালোচনার সম্মুখীন হয় ওই সেনারা। তাদের কারও কারও বিরুদ্ধে অভিযোগ উঠেছে পিকেকে'র প্রচারণায় সাহায্য করার।
তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের মধ্যকার বৈঠকের আগে ওই সেনাদের মুক্তির বিষয়টিকে পিকেকে গেরিলা ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা কমানোর এক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএমটি/১১৫০ ঘ.
bdnews24