সিউল, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার মুক্তবাণিজ্য চুক্তির প্রতিবাদে সিউলে রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। এ সময় পুলিশ বিক্ষোভকারী অনেক কৃষক ও ছাত্রকর্মীকে গ্রেপ্তার করে।
আয়োজকরা দবি করেছে, প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীর সংখ্যা ২০ হাজারের বেশি হবে না।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, পুলিশ কলেজের ছাত্র ও ছাত্রীদের লাঠিপেটা করেছে। এছাড়া তাদের অনেককে আটক করেছে।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তি হয়েছে গত এপ্রিলে। তবে উভয় দেশের পার্লামেন্ট এখনও চুক্তিটি অনুমোদন দেয়নি।
দক্ষিণ কোরিয়ার কৃষকরা দাবি করছেন এই চুক্তির ফলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তবে অর্থনীতিবীদরা বলছেন, এর ফলে দ্রব্যমূল্য কমবে এবং ভোক্তারা লাভবান হবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৮ঘ.
bdnews24