২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যাভেজকে 'চুপ করতে' বললেন স্পেনের রাজা

চিলির রাজধানী সান্তিয়াগোয় অনুষ্ঠিত আইবেরো-আমেরিকান শীর্ষ সম্মেলনের সমাপনী দিন শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে ধমক দিয়ে "চুপ করতে" বলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। এর জবাবে শ্যাভেজ বলেন, যিনি আমাদের চুপ করতে বলেছেন তিনি মনে করছেন আমরা এখনও সতেরো, আঠারো শতকের প্রজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 08:22 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

সান্তিয়াগো, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির রাজধানী সান্তিয়াগোয় অনুষ্ঠিত আইবেরো-আমেরিকান শীর্ষ সম্মেলনের সমাপনী দিন শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে ধমক দিয়ে "চুপ করতে" বলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। এর জবাবে শ্যাভেজ বলেন, যিনি আমাদের চুপ করতে বলেছেন তিনি মনে করছেন আমরা এখনও সতেরো, আঠারো শতকের প্রজা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইউরোপ এবং আমেরিকার স্প্যানিশ, পর্তুগীজ ও ক্যাটালান ভাষাভাষি ১৯টি দেশের বার্ষিক এ শীর্ষ সম্মেলন এর সমাপ্তি ঘটে বাকবিতণ্ডার মধ্য দিয়ে। সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগেজ জাপাতেরোর ভাষণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ হস্তক্ষেপের চেষ্টা করলে তার দিকে আঙ্গুল তুলে স্পেনের রাজা কার্লোস বলেন, "আপনি কেন চুপ করছেন না?" সম্মেলনে দেওয়া ভাষণে শুক্রবার স্পেনের সাবেক প্রেসিডেন্ট হোসে মারিয়া আজনারকে ফ্যাসিবাদের একজন সমর্থক হিসাবে অভিহিত করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ। শনিবার তার ওই বক্তব্যেও সমালোচনা করছিলেন স্পেনের প্রধানমন্ত্রী জাপাতেরো। শুক্রবার দেওয়া ভাষণে আজনারের কথা উল্লেখ করে শ্যাভেজ বলেন, "ওই সাবেক প্রেসিডেন্ট সত্যিকার অর্থেই ফ্যাসিবাদের একজন সমর্থক ছিলেন।" এর প্রতিবাদে জাপাতেরো কঠোর ভাষায় বলেন, "প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আমি আপনাকে বলতে চাই যে গণতান্ত্রিক সরকারগুলোর একটি ফোরামের অন্যতম প্রয়োজনীয় নীতি হচ্ছে সম্মান প্রদর্শন।" জাপাতেরোর এ বক্তব্যকে সম্মেলনে উপস্থিত কিছু দেশের সরকার প্রধান করতালি দিয়ে স্বাগত জানান। কিন্তু জাপাতেরোর বক্তব্য শেষ হওয়ার আগেই তার ভাষণের মাঝখানে উঠে দাড়িয়ে কথা বলতে আরম্ভ করেন শ্যাভেজ। তখনই স্পেনের রাজা তাকে চুপ করতে বলেন। পরে রাজার উত্তেজিত হওয়া প্রসঙ্গে শ্যাভেজ বলেন, "সম্মেলনে যিনি ক্ষেপে গেলেন তিনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। যিনি আমাদের চুপ করতে বলেছেন, তিনি মনে করেছেন আমরা এখনও ১৭ ও ১৮ শতকের প্রজা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এমমটি/১৪১৫ ঘ.