ইসলামাবাদ, নভেম্বর ১০, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ পত্রিকা 'দ্য ডেইলি টেলেগ্রাফের' তিন সাংবাদিককে বহিস্কার করেছে পাকিস্তান সরকার। দেশ নেতৃত্ব সম্পর্কে 'বাজে ও অপমানজনক' ভাষা ব্যবহারের জন্য তাদেরকে বহিস্কার করা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার একথা জানিয়েছে।
প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ দেশে জরুরি অবস্থা জারি এবং তার ও তার সরকারের বিরুদ্ধে মানহানিকর কোনো প্রতিবেদন ছাপানো নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে এ ঘটনা ঘটল।
'ওই তিন বিদেশি সাংবাদিককে পাকিস্তান ত্যাগের জন্য ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে।' পাকিস্তানের তথ্যমন্ত্রী তারিক আজিম একথা বলেন। তিনি বলেন, " তারা পাকিস্তান এবং এদেশের নেতৃত্ব সম্পর্কে বাজে এবং অপমানজনক ভাষা ব্যবহার করেছেন।" তবে ওই তিন সাংবাদিকের কোন প্রতিবেদনের জন্য তাদেরকে বহিস্কার করা হল সে ব্যাপারে আজিম সুনির্দিষ্ট করে কিছু বলেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৯ঘ.
bdnews24