ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র তৈরীর চেষ্টা করছিল যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ খন্ডনের জন্য মার্কিন বিশেষজ্ঞদের কাছে পরমাণু কর্মসূচির বিভিন্ন তথ্য-প্রমাণ উপস্থাপন করছে পিয়ংইয়ং। এ বছরের মধ্যেই পরমাণু কর্মসূচি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে তাদের অবরোধ প্রত্যাহার করে নেওয়ার জন্যও অনুরোধ জানিয়ে আসছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শনিবার একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মার্কিন বিশেষজ্ঞ দলকে গুরুত্বপূর্ণ পরমাণু সরঞ্জামাদি এবং নথিপত্র দেখার সুযোগ করে দিচ্ছেন উত্তর কোরীয় কর্মকর্তারা।
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার বড় ধরনের অবস্থানগত পরিবর্তন লক্ষ্য করছি আমরা।
তিনি বলেন, "অতীতে তারা শুধু বিষয়টি অস্বীকার করার মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন তারা তা করছে না। এখন তারা আমাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছে।"
পত্রিকাটি জানায়, এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা উত্তর কোরিয়ার এ প্রচেষ্টা সম্পর্কে শুক্রবার বলেছেন, "তারা আমাদেরকে কিছু বিষয় দেখিয়েছে, আমরা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।"
তিন বলেন, "আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এসবের কোনো কোনো ব্যাখ্যা বাস্তবসম্মত বলেই মনে হয়েছে, আর কিছু কিছু বিষয় এখনও ঘোলাটে।"
ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে লিখেছে, "উত্তর কোরিয়া যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভুল প্রমাণ করতে পারে তাহলে তা হবে মার্কিন গোয়েন্দা তথ্য এবং বুশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতার ওপর আরেকটি বড় ধাক্কা।"
২০০২ সালে উত্তর কোরিয়াকে "শয়তানের অক্ষ" শক্তির অন্যতম অংশীদার বলে আখ্যা দেয় এবং অভিযোগ করে যে, পরমাণু অস্ত্র তৈরীর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে দেশটি। এরপর ২০০৬ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। একটি প্লুটোনিয়াম ডিভাইসের মাধ্যমে ওই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আসলেও ওই পরমাণু পরীক্ষার পর দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে এ বছরের মধ্যে উত্তর কোরিয়ার তিনটি প্রধান পরমাণু স্থাপনা নিষ্ক্রিয় করে দিতে সম্মত হয় দেশটি। একইসঙ্গে এ সময়সীমার মধ্যে পরমাণু অস্ত্র কর্মসূচি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরঞ্জামাদির তালিকা দেওয়াসহ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সব জিজ্ঞাসার জবাব দিতেও সম্মত হয়ে তারা।
এ চুক্তি বাস্তবায়নের বিনিময়ে ছয়জাতি আলোচনার বাকী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ১০ লক্ষ টন ভারী জ্বালানি কিংবা তার সমমূল্যের নগদ সাহায্য পাবে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৫ ঘ.
bdnews24