ইসলামাবাদ, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পেলেও পুলিশের বাধার মুখে রয়েছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। শনিবার পুলিশ তাকে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর সঙ্গে তার বাড়িতে দেখা করতে যেতে বাধা দেয়। জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার জন্য মার্কিন চাপের মুখেও বেনজিরের চলাফেরার ওপর কড়াকড়ি করছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রেসিডেন্ট মুশাররফের ওপর চাপ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বলেছেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা তুলে নেওয়াটা জরুরি।" পাশাপাশি সব রাজনৈতিক দলের সদস্য এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদেও ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বুশও কড়া ভাষায় বলেছেন, মুশাররফ একইসঙ্গে প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান থাকতে পারেন না।
মুশাররফ এক সপ্তাহ আগে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি এবং বৈরি বিচারবিভাগের অজুহাতে জরুরি অবস্থা জারি করেন। সংবিধান স্থগিত করেন এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে তার জায়গায় নতুন বিচারপতি নিয়োগ করেন। তখন থেকেই ইফতিখারকে বাড়িতে নজরবন্দি রাখা হয়েছে।
শুক্রবার গৃহবন্দি হওয়ার পরও বেনজির ইফতিখার চৌধুরির সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তার বাড়ির সামনের রাস্তা অবরোধ করে তাকে বাড়ি ফিরে যেতে বাধ্য করে। শনিবার গৃহবন্দিত্ব থেকে মুক্তির পর বেনজির ইফতিখারকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে তার বাড়িতে দেখা করার উদ্যোগ নেন।
বেনজির বলেন, "তিনিই আসল প্রধান বিচারপতি।"
এর আগে বেনজির মুশাররফের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা এবং আগামী সপ্তাহের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেন। বেনজির গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার পর শনিবার তার এক সহযোগী একথা জানান।
বেনজির ভুট্টোকে শুক্রবার সকালে রাজধানী ইসলামাবাদের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়। বেনজির যাতে জরুরি অবস্থার বিরুদ্ধে পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে নির্ধারিত এক বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিতে না পারেন সে লক্ষ্যে তাকে গৃহবন্দি করা হয়। পরে অবশ্য রাতেই গৃহবন্দি অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার, সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং সেনাপ্রধানের পদ থেকে জেনারেল মুশাররফের পদত্যাগের দাবিতে আগামী মঙ্গলবার ১৩ নভেম্বর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বেনজির।
কিন্তু শনিবার সকালে বেনজিরের ইসলামাবাদের বাসভবনের চারপাশে কড়া প্রহরায় থাকতে দেখা গেছে পুলিশকে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছন, বেনজির গৃহবন্দি নেই বলার পরও তার বাড়ির চারপাশ কাঁটা তার এবং কংক্রিটের ব্লক দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ গত সপ্তায় জরুরি অবস্থা জারি এবং সংবিধান স্থগিত করার পর থেকে দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। আইনজীবীসহ গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মুশাররফবিরোধীকে।
বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মিডিয়া সমন্বয়ক জামিল সুমরো রয়টার্সকে বলেন, "১৩ তারিখের মটর শোভাযাত্রা হবে। তিনি (বেনজির) না থাকলেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।"
শুক্রবার ইসলামবাদের বাসভবনের সামনে কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বেনজির বলেন, "সরকার পঙ্গু হয়ে গেছে।"
মুশাররফকে উদ্দেশ্য করে বেনজির বলেন, "তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত, সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ এবং ১৫ জানুয়ারির মধ্যে নির্বচনের ঘোষণা দিলেই কেবল সব ঠিক থাকবে।"
প্রসঙ্গত, নির্ধারিত সময়ের প্রায় এক মাস বিলম্বে আগামী ১৫ ফেব্র"য়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বলেছেন প্রেসিডেন্ট মুশাররফ। তিনি আরও বলেছেন, সেনাপ্রধান থাকা অবস্থায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিরোধিতা করে দায়ের করা চ্যালেঞ্জের বিষয়ে সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিরা রায় দেওয়ার পর একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন।
এর আগে গত কয়েক মাস ধরে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে মুশাররফের সঙ্গে আলোচনা চালিয়েছেন বেনজির। অবশ্য বিশ্লেষকরা আশা করছেন, বেনজির-মুশাররফ সহযোগিতা এখনও সম্ভব।
এদিকে, ইফতিখার চৌধুরীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরত আইনজীবীসহ হাজার হাজার সরকারবিরোধীকে আটক করা হয়েছে।
পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জরুরি অবস্থা ঘোষণার পর আড়াই হাজার লোককে আটক করা হয়েছে। যদিও বেনজির ভুট্টোর দল পিপিপি জানিয়েছে, গত কয়েক দিনে শুধু তাদেরই পাঁচ হাজার কর্মীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৫ ঘ.
বিডিনিউজ টুয়োিন্টফোর ডটকম/এলকিউ/১৭১৭ঘ.
bdnews24