সান্তিয়াগো, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির রাজধানী সান্তিয়াগোতে 'আইবেরো-আমেরিকান' সম্মেলনে যোগ দিয়ে প্রতিবেশী দেশগুলোকে একটি আঞ্চলিক জ্বালানি জোট গড়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। তিনি বলেন, টেকসই আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি সম্পদ ভাগাভাগি করতে হবে এবং প্রয়োজনে কমমূল্যে তেল সরবরাহ করাসহ পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। ১৯ টি দেশের তিনদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী দিনে শুক্রবার তিনি এ আহ্বান জানান। সম্মেলনে অংশ নেওয়া প্রায় সবগুলো দেশের নেতাই বামপন্থী।
ল্যাতিন আমেরিকান নেতাদের উদ্দেশ্যে শ্যাভেজ বলেন, তেল জোট গঠন করলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগির মাধ্যমে টেকসই আঞ্চলিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা সহজ হবে। তিনি বলেন, প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোকে কমমূল্যে তেল সরবরাহের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।
শ্যাভেজ বলেছেন, "আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একত্রিত হই এবং যেসব দেশের নিজেদের তেল নেই এবং যাদের ব্যারেলপ্রতি ১০০ ডলার মূল্যে তেল কেনার সামর্থ্য নেই তাদের সঙ্গে একটা সম্মিলিত অংশীদারিত্বের ব্যবস্থাপনায় যোগ দেই।"
মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী নেতা শ্যাভেজের দেশ ভেনেজুয়েলা মেক্সিকোর পর ল্যাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক। মিত্র বামপন্থী দেশগুলোর সঙ্গে ঘনিষ্টতায় নিজের দেশের তেল সম্পদকে কাজে লাগাতে চান শ্যাভেজ।
ল্যাতিন আমেরিকার দেশগুলো ছাড়াও পর্তুগাল, স্পেন এবং এন্ডোরা এ সম্মেলনে অংশ নিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা, স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রডরিগেজ জাপাতেরো, ইকুয়েডরের রাফায়েল কোররিয়া, প্যারাগুয়ের নিকানোর দুয়ার্তে ফ্রুতোস, বলিভিয়ার ইভো মোরালেসসহ অন্যান্য নেতারা এ সম্মেলনে অংশ নেন।
এ সম্মেলনের সুযোগে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ দ্বিপক্ষীয় সহযোগিতার নিয়ে বৈঠক করেন এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও চূড়ান্ত হয় বলে জানা গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24