ইসলামাবাদ, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখা এবং আগামী সপ্তাহের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। বেনজির গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার পর শনিবার তার এক সহযোগী একথা জানিয়েছেন। এদিকে, পাকিস্তানের জরুরি অবস্থা অবসানের জন্য মুশাররফের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বেনজির ভুট্টোকে শুক্রবার সকালে রাজধানী ইসলামাবাদের বাসভবনে গৃহবন্দি করে রাখা হয়। বেনজির যাতে জরুরি অবস্থার বিরুদ্ধে পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে নির্ধারিত এক বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দিতে না পারেন সে লক্ষ্যে তাকে গৃহবন্দি করা হয়। পরে অবশ্য রাতেই গৃহবন্দি অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
পাকিস্তানে জরুরি অবস্থা প্রত্যাহার, সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং সেনাপ্রধানের পদ থেকে জেনারেল মুশাররফের পদত্যাগের দাবিতে আগামী মঙ্গলবার ১৩ নভেম্বর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বেনজির।
এদিকে, শনিবার সকালে বেনজিরের ইসলামাবাদের বাসভবনের চারপাশে কড়া প্রহরায় থাকতে দেখা গেছে পুলিশকে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছন, বেনজির গৃহবন্দি নেই বলার পরও তার বাড়ির চারপাশ কাঁটা তার এবং কংক্রিটের ব্লক দিয়ে ঘিরে রাখা হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ গত সপ্তায় জরুরি অবস্থা জারি এবং সংবিধান স্থগিত করার পর থেকে দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। আইনজীবীসহ গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মুশাররফবিরোধীকে।
বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মিডিয়া সমন্বয়ক জামিল সুমরো রয়টার্সকে বলেন, "১৩ তারিখের মটর শোভাযাত্রা হবে। তিনি (বেনজির) না থাকলেও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।"
জামিল সুমরো বলেন, বেনজির রাজপথে গণবিক্ষোভ আয়োজন করতে সক্ষম হবেন। তিনি জানান, শনিবার বেনজির বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সুমরো।
শুক্রবার ইসলামবাদের বাসভবনের সামনে কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে বেনজির বলেন, "সরকার পঙ্গু হয়ে গেছে।"
মুশাররফকে উদ্দেশ্য করে বেনজির বলেন, "তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত, সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ এবং ১৫ জানুয়ারির মধ্যে নির্বচনের ঘোষণা দিলেই কেবল সব ঠিক থাকবে।"
প্রসঙ্গত, নির্ধারিত সময়ের প্রায় এক মাস বিলম্বে আগামী ১৫ ফেব্র"য়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বলেছেন প্রেসিডেন্ট মুশাররফ। তিনি আরও বলেছেন, সেনাপ্রধান থাকা অবস্থায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিরোধিতা করে দায়ের করা চ্যালেঞ্জের বিষয়ে সুপ্রিম কোর্টের নবনিযুক্ত বিচারপতিরা রায় দেওয়ার পর একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগে তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন।
এর আগে গত কয়েক মাস ধরে ক্ষমতা ভাগাভাগি চুক্তি নিয়ে মুশাররফের সঙ্গে আলোচনা চালিয়েছেন বেনজির। অবশ্য বিশ্লেষকরা আশা করছেন, বেনজির-মুশাররফ সহযোগিতা এখনও সম্ভব।
এদিকে, ১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা দখলকারী জেনারেল মুশাররফের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আল কায়েদা ও তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম ঘনিষ্ঠ মিত্র মুশাররফকে জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে বুশ প্রশাসন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জনড্রোয়ি বলেন, "অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জরুরি অবস্থা প্রত্যাহার হওয়া প্রয়োজন।"
টেক্সাসে সাংবাদিকদের তিনি বলেন, "আর তাই আমরা অবিলম্বে জরুরি অবস্থা অবসান এবং রাজনৈতিক দলের সদস্য ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।" মার্কিন প্রেসিডেন্ট বুশ বর্তমানে টেক্সাসের খামারবাড়িতে অবস্থান করছেন।
গত শনিবার জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার পর মুশাররফ দেশটির অধিকাংশ বিচারপতিকে বরখাস্ত করেন। সেই থেকে সাবেক প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ বেশ কয়েকজন শীর্ষ আইনজীবীকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
এছাড়া, ইফতিখার চৌধুরীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরত আইনজীবীসহ হাজার হাজার সরকারবিরোধীকে আটক করা হয়েছে।
পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জরুরি অবস্থা ঘোষণার পর আড়াই হাজার লোককে আটক করা হয়েছে। যদিও বেনজির ভুট্টোর দল পিপিপি জানিয়েছে, গত কয়েক দিনে শুধু তাদেরই পাঁচ হাজার কর্মীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৫ ঘ.
bdnews24