২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নেতাদের সঙ্গে সু চির বৈঠক, মিয়ানমারে আশার আলো

মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি মনে করেন, গত সেপ্টেম্বরের গণবিক্ষোভের পর সংস্কার বিষয়ে সামরিক জান্তার মধ্যে পরিবর্তন এসেছে। তিন বছরেরও বেশি সময় পর শুক্রবার সু চি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার সুযোগ পান। বৈঠকের পর দলের এক মুখপাত্র সু চির এই ভাবনার কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি মনে করেন, গত সেপ্টেম্বরের গণবিক্ষোভের পর সংস্কার বিষয়ে সামরিক জান্তার মধ্যে পরিবর্তন এসেছে। তিন বছরেরও বেশি সময় পর শুক্রবার সু চি তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার সুযোগ পান। বৈঠকের পর দলের এক মুখপাত্র সু চির এই ভাবনার কথা জানান। শুক্রবার সু চি তার দলের নেতাদের সঙ্গে দু ঘণ্টা ধরে বৈঠকের পর সু চি জানান, জাতীয় সংহতির লক্ষ্যে কাজ করতে জেনারেলরা সত্যিই আগ্রহী বলে মনে হচ্ছে।এনএলডি মুখপাত্র নায়ান উইন ইয়াঙ্গুনে দলের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, "সু চি আশাবাদী।" উইন অবশ্য বলেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চিকে খুব শিগগির মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সু চি গত ১৮ বছরের মধ্যে ১২ বছর গৃহবন্দি আছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সু চি জানিয়েছিলেন, জাতীয় স্বার্থে তিনি সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি সিঙ্গাপুরে সু চির বিবৃতিটি পড়ে শোনান। ছয় দিনের মিয়ানমার সফর শেষে গত বৃহস্পতিবার গাম্বারি সিঙ্গাপুর পৌঁছান। এর আগে সু চির সঙ্গে তিনি প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সিঙ্গাপুরে গাম্বারি বলেন, "সরকার ও বিরোধীদের সঙ্গে কার্যকর আলোচনার পথেই আমরা এগুচ্ছি। আলোচনা যত তাড়াতাড়ি শুরু হবে মিয়ানমারের জন্য ততই মঙ্গল।" তবে মিয়ানমার সফরের সময় সরকারকে আলোচনার জন্য রাজি করানোর বিষয়ে কী অগ্রগতি হয়েছে তার কোনো ইঙ্গিত তিনি দেননি। ছয় দিনের সফরে গাম্বারি সু চি ছাড়াও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির তিন ঊর্ধ্বতন নেতা ও বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেপ্টেম্বর মাসে মিয়ানমারের সামরিক জান্তা ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী গণবিক্ষোভের সম্মুখীন হয়। ব্যাপক নির্যাতন-নিপীড়ণ ও গণগ্রেপ্তার অভিযানের মাধ্যমে জান্তা সরকার ওই জনবিক্ষোভ কঠোর হাতে দমন করে। দমনাভিযানে এক জাপানি আলোকচিত্রীসহ ১০ জন নিহত হয় বলে জানায় জান্তা সরকার। তবে পশ্চিমাদের দাবি, নিহতের সংখ্যা আরও অনেক বেশি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০০২ ঘ.