ইসলামাবাদ, নভেম্বর, ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর বাড়ি শুক্রবার ঘিরে রেখেছে পুলিশ। প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে বেনজিরের পদযাত্রার হুমকি ঠেকাতেই তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে।
মুশাররফ জরুরি অবস্থা জারির পর এর প্রতিবাদে রাওয়ালপিণ্ডির যে পার্ক থেকে বেনজির তার সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরুর হুমকি দিয়েছিলেন সেই পার্কটি পুলিশ সীল করে দিয়েছে। তবে ইসলামাবাদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, পুলিশ বেনজিরের নিরাপত্তার খাতিরেই তার বাড়ি পাহারা দিয়ে রেখেছে।
তিনি বলেন, "এর উদ্দেশ্য কেবলমাত্রই বেনজিরের নিরাপত্তা বিধান করা। তার চলাফেরার ওপর কোনো বিধি-নিষেধ নেই।"
উল্লেখ্য, ১৮ অক্টোবর বেনজির পাকিস্তানে ফেরার পরপরই তার শোভাযাত্রায় বোমা হামলায় ১৩৯ জন নিহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৬ঘ.
bdnews24