কলোম্বো, নভেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তরাঞ্চলে বুধবার সংঘর্ষে ৫২ তামিল টাইগার গেরিলা ও ১১ সেনা নিহত হয়েছেন। শ্রীলংকার সেনাবাহিনী এ খবর জানায়। তবে এলটিটিই'র দাবি, সংঘর্ষে ২০ সেনা নিহত ও কমপক্ষে একশ' সেনা আহত হয়েছেন এবং তাদের পক্ষে মারা গেছে মাত্র একজন।
হতাহতের প্রকৃত সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। সেনাবাহিনী জানায়, জাফনা এলাকায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার সীমান্তে ওই সংঘর্ষ চলে প্রায় দু' ঘণ্টা।
'ন্যাশনাল সিকিউরিটির মিডিয়া সেন্টার' এর এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সেনারা এগিয়ে যেয়ে বিদ্রোহী এলাকার সীমানা দখল করে নেয়। এ সময় দু'পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ৫২ এলটিটিই সন্ত্রাসী নিহত ও আরও অনেকে আহত হন।
তিনি আরও জানান, সংঘর্ষে ১১ সেনা সদস্য নিহত ও ৪১ জন আহত হয়।
বিদ্রোহী নিয়ন্ত্রিত কিলিনোসিসি এলাকা থেকে টেলিফোনে এলটিটিই মুখপাত্র রাসিয়াহ ইলাথারাইয়ান জানান, "প্রচুর গোলবারুদ ও রকেট লাঞ্চার, মর্টার, হেলিকপ্টার ও ট্যাঙ্ক সজ্জিত হয়ে সেনারা তাদের আক্রমণ করে।"
তিনি বলেন, "সেনাবাহিনীর প্রস্তুতি ছিল অনেক। সংঘর্ষ চলে প্রায় দু'ঘণ্টা। তবে তাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পর তারা আগের অবস্থানে ফেরত যায়।
শ্রীলংকার ওই এলাকায় দু'পক্ষের সংঘর্ষ প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে উঠেছে। গত সপ্তাহে বিমান হামলায় তামিল টাইগার গেরিলাদের রাজনৈতিক শাখার প্রধান নিহত হন।
বিশ্লেষকরা জানান, প্রতিটি সংঘর্ষের পর সেনাবাহিনী ও বিদ্রোহিরা প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর বিষয়টি বাড়িয়ে প্রচার করে। অন্যদিকে নিজেদের পক্ষে ক্ষতির পরিমাণ কমিয়ে বলার চেষ্টা করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৩৬ঘ.
bdnews24