২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ব্রিটেনের চাপে মুশাররফ, শ'শ' আইনজীবী গ্রেপ্তার

পাকিস্তানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সোমবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ওপর চাপ জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস পাকিস্তানকে অবিলম্বে সাংবিধানিক পথে ফিরে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও সাহায্য কমিয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে সতর্ক করেছে। কিন্তু এ চাপের মুখেও পাকিস্তানে মুশাররফের জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদকারী আইনজীবীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শ'শ' আইনজীবী। সোমবার দেশব্যাপী ধর্মঘট পালনকালে পুলিশ বিক্ষুব্ধ আইনজীবীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস ছুঁড়ে। ঘটনাস্থল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়।(আরোও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

করাচি, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সোমবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের ওপর চাপ জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস পাকিস্তানকে অবিলম্বে সাংবিধানিক পথে ফিরে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেনও সাহায্য কমিয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানকে সতর্ক করেছে। কিন্তু এ চাপের মুখেও পাকিস্তানে মুশাররফের জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদকারী আইনজীবীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শ'শ' আইনজীবী। সোমবার দেশব্যাপী ধর্মঘট পালনকালে পুলিশ বিক্ষুব্ধ আইনজীবীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস ছুঁড়ে। ঘটনাস্থল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের জরুরি অবস্থা জারি করে সংবিধান স্থগিত করা এবং প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এ দেশব্যাপী ধর্মঘট পালন করেন আইনজীবীরা। ধর্মঘটী আইনজীবীরা জানিয়েছেন, "সকালে বাণিজ্যিক নগরী করাচিতে বিক্ষোভরত আইনজীবীদের লাঠিচার্জ করেছে।" পরে টিয়ারগ্যাস ছুঁড়ে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় পুলিশ। সিন্ধু প্রদেশ হাই কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আখতার হোসেইন বলেন, "সকালে হাইকোর্টে আসার পরপরই পুলিশ আইনজীবীদের লাঠিচার্জ করে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।" করাচির আইনজীবী আব্দুল হাফিজ রয়টার্সকে বলেন, "আমরা গ্রেপ্তার অভিযানকে ভয় পাই না। যত যাই ঘটুক আমরা লড়াই চালিয়ে যাব। " ক্ষুব্ধ আইনজীবীরা এ সময় 'মুশাররফ নিপাত যাক' 'স্বৈরশাসক চাই না'-- স্লোগান দেন। পাকিস্তানের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় প্রদেশে কর্তৃপক্ষ বিরোধীদল জামাত-ই ইসলামির ৬০০ থেকে ৭০০ মুসলিম সমর্থককে গ্রেপ্তার করেছে- ইসলামিক দলটির এ দাবির পরপরই ব্যাপক আইনজীবী ধরপাকড়ের ঘটনা ঘটে। সরকার ইতোমধ্যেই ৪০০ থেকে ৫০০ জন বিরোধীদলীয় রাজনীতিক ও আইনজীবীকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, গত মার্চ মাসে জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানের প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পর দেশে আইনজীবীদের ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। প্রধান বিচারপতিকে বরখাস্তের ওই পদক্ষেপ তখন পাকিস্তানের বিচারবিভাগের স্বাধীনতার ওপর আঘাত হিসাবে বিবেচিত হয়েছিল। সোমবার পশ্চিম তীর সফরকালে রাইস বলেন, " আমাদের বিশ্বাস, অবিলম্বে সাংবিধানিক পথে ফিরে নির্বাচন দেওয়াটাই এখন পাকিস্তানের জন্য সবচে' ভাল। মুশাররফ সেনাপ্রধানের পদ ছাড়ার প্রতিশ্র"তি দিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" পাকিস্তানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা 'এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান' এক প্রতিবেদনে জানিয়েছে, মুশাররফ বিদেশি দূতদেরকে আশ্বাস দিয়ে বলেছেন, তিনি নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। এর মানে হচ্ছে সেনাশাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় পাকিস্তানের উত্তোরণ। নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে জানুয়ারিতে। কিন্তু মুশাররফের জরুরি অবস্থা জারির ফলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানে সাহায্য কমিয়ে দেওয়া নিয়ে চিন্তাভাবনা করছে। পিছিয়ে গেছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা। ব্রিটেও সতর্ক করে দিয়ে বলেছে, পাকিস্তানে উন্নয়ন তহবিল ও অন্যান্য সাহায্য কর্মসূচি পুর্বিবেচনা করে দেখছি আমরা। ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের এক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, " ব্রিটেন জানুয়ারির নির্ধারিত সময়েই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠান চায়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৯৩০ ঘ.