২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা পেছালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সঙ্গে এ সপ্তায় নির্ধারিত প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা পিছিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সোমবার পেন্টাগন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 09:14 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

বেইজিং, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সঙ্গে এ সপ্তায় নির্ধারিত প্রতিরক্ষা সহযোগিতা আলোচনা পিছিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ জরুরি অবস্থা জারির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সোমবার পেন্টাগন জানিয়েছে। এদিকে, চীন সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস পাকিস্তানের গত কয়েক দিনের ঘটনাকে 'বিব্রতকর' অভিহিত করেছেন। প্রসঙ্গত, জরুরি অবস্থা জারির পর পাকিস্তানের সংবিধান স্থগিত এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের পাশাপাশি কয়েকশ' আইনজীবী, রাজনীতিক ও মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। মুশাররফ তার এসব পদক্ষেপের জন্য ক্রমবর্ধমান জঙ্গি তৎপরতার কথা উল্লেখ করলেও অধিকাংশ লোকের ধারণা তার প্রধান উদ্দেশ্য হচ্ছে, প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার বৈধতার বিষয়ে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা রায় নিজের পক্ষে নেওয়া। গেটস এর সঙ্গে চীন সফররত পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে বার্ষিক প্রতিরক্ষা পরামর্শ গ্র"প আলোচনা ৬ ও ৭ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা। মোরেল বলেন, "মুশাররফের জরুরি অবস্থা ঘোষণার পরিপ্রেক্ষিতে এই আলোচনা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখা ঠিক হবে যতক্ষণ না খুব গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আলোকপাত করা যায়।" তবে তিনি জানিয়েছেন, তারা আশা করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে যত শিগগির সম্ভব আলোচনার তারিখ পুনরায় নির্ধারণ করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, মুশাররফের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে সাহায্য করার বিষয়টি তারা পর্যালোচনা করছে। অবশ্য প্রতিরক্ষমন্ত্রী গেটস বলেছেন, "চলমান সন্ত্রাসবিরোধী যুদ্ধকে ক্ষতির মধ্যে ফেলতে পারে এমন যে কোনো পদক্ষেপ না নেওয়ার ব্যাপারে সজাগ" থাকবে ওয়াশিংটন। চীনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেওয়া এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "সন্ত্রাস-বিরোধী যুদ্ধ এবং কৌশলগত দিক থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। যদিও গত ৭২ ঘণ্টার কর্মকাণ্ড বিব্রতকর।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৪৩ ঘ.