বুয়েন্স আয়ার্স, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলীয় এক শহরের কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। বন্দিরা কারাগারে আগুন ধরিয়ে দিলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সোমবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
সান্তিয়াগো ডেল এস্তেরো প্রদেশের আইনমন্ত্রী রিকার্ডো দেইভেস 'সিফাইভএন' টেলিভিশন নেটওয়ার্ককে জানিয়েছেন, আগুনের ধোঁয়ায় কারাগারটি ভরে গেলে শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ লোকের প্রাণহানি হয়।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার কারাবন্দিরা বিছানাপত্র এবং অন্যান্য আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়ার পর তাদের মধ্যে সংঘর্ষ হয়। কর্মকর্তারা বলছেন, মনে হচ্ছে দণ্ডিত কিছু অপরাধী পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসাবে এ কাজ করেছেন।
কারা কর্তৃপক্ষ কারাগারটিতে পুনরায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছে। টেলিভিশন ফুটেজে আগুন নিয়ন্ত্রণে আসার পর কারাগারটিতে হেলমেট পরিহিত পুলিশ কর্মকর্তাদের প্রবেশ করতে দেখা গেছে।
দেইভেস বলেন, "কারা কর্মকর্তারা আমাদেরকে ২৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন। তবে হাসপতালে চিকিৎসাধীন আহতদের দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।"
আগুন লাগার পর কারাগারটির বাইরে জড়ো হয় বন্দিদের আত্মীয়-স্বজন। তাদেরকে ঠেকাতে পুলিশ লোহার ব্যারিকেড দেয়। তারা সেখানে হট্টগোল শুরু করে এবং অনেকেই পুলিশকে লক্ষ্য করে অপমানসূচক শ্লোগান দেয়।
বুয়েন্স আয়ার্স থেকে প্রকাশিত সংবাদপত্র ক্লারিন তাদের ওয়েব সাইটে জানিয়েছে, পরে পুলিশ কারাগারের বাইরে জড়ো হওয়া আত্মীয়-স্বজনের ওপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। আত্মীয়-স্বজনরা তখন তাদের পরিবারের সদস্যদের খবর জানার দাবি জানাচ্ছিল।
ক্লারিন আরও জানিয়েছে, এ ঘটনায় কারাগারের কয়েকজন প্রহরীও আহত হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৩০ ঘ.
bdnews24