ইসলামাবাদ, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারির পর শনিবার দুবাই থেকে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো। তার মুখপাত্র এ খবর জানিয়েছেন।
লন্ডন থেকে বেনজির ভুট্টোর মুখপাত্র ওয়াজিদ হাসান টেলিফোনে এএফপিকে জানান, " বেনজির করাচি বিমানবন্দরে পৌঁছেছেন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় আমি তার সঙ্গে কথা বলেছি।"
তিনি আরও বলেন, "তাকে শহরে ঢুকতে দেওয়া হবে কিনা তিনি জানেন না। তাকে গ্রেপ্তার করা হবে নাকি আবার বিদেশে পাঠানো হবে তাও জানেন না তিনি।"
পাকিস্তান পিপলস পার্টির এক মুখপাত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, করাচিতে বেনজিরের বাড়ির সামনে প্রায় একশ' আধা সামরিক সেনা মোতায়েন করা হয়েছে।
এর আগে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারি জানান, বেনজির দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩২১ঘ.
bdnews24